চট্টগ্রাম শনিবার, ১৮ জুলাই, ২০২৬

প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষক নিয়োগে জরুরি নির্দেশনা

প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষক নিয়োগে জরুরি নির্দেশনা

অনলাইন ডেস্ক

১০ মে, ২০২৬ | ৬:০৩ অপরাহ্ণ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ প্রার্থীর পূর্বকার্যকলাপ, কাগজপত্র ও নথি যাচাইয়ে জরুরি নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

 

আজ রবিবার (১০ মে) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগের সহকারী পরিচালক (নিয়োগ) আইরিন পারভীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়াধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর নিয়োগযোগ্য শূন্য পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পূর্ব কার্যকলাপ এবং ডকুমেন্টস ও কাগজপত্র যাচাইয়ের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

নির্দেশনায় বলা হয়েছে, সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এ প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর পুলিশি তদন্তের মাধ্যমে তাদের পূর্ব কার্যকলাপ যাচাই করতে হবে। একই সঙ্গে তাদের জমা দেওয়া ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতাও যাচাই করা হবে।

 

এ অবস্থায় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

 

উল্লেখ্য, পার্বত্য তিন জেলা ছাড়া দেশের ৬১ জেলায় গত ৯ জানুয়ারি সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীর মধ্য থেকে চূড়ান্তভাবে নির্বাচিত হন ১৪ হাজার ৩৮৪ জন।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট