৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার আবেদন ফি ও মৌখিক পরীক্ষার নম্বর কমিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। রবিবার (১ ডিসেম্বর) পিএসসির সচিবালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, বিসিএস মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ নম্বর করা হয়েছে। আর আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে ৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। তাতে আবেদন ফি আগের মতো ৭০০ টাকা নির্ধারণ করা হয়। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ধরা হয় ১০০ টাকা। তবে এই বিজ্ঞপ্তির কয়েক ঘণ্টা পরই আবেদন ফি কমানোর ঘোষণা দেয় কমিশন।
৪৭তম বিসিএসের মাধ্যমে ৩ হাজার ৪৮৭টি ক্যাডার ও নন-ক্যাডারের ২০১টি পদে নিয়োগ দেওয়া হবে। আগামী ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে শুরু হবে আবেদন, চলবে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবার সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ বয়স ৩২ বছর বয়সসীমার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পূর্বকোণ/মাহমুদ
















