চট্টগ্রাম শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

সর্বশেষ:

২৪ জুলাইয়ে নিহতের সংখ্যা নিয়ে আ.লীগের দাবি নাকচ, রিপোর্টেই অনড় জাতিসংঘ

২৪ জুলাইয়ে নিহতের সংখ্যা নিয়ে আ.লীগের দাবি নাকচ, রিপোর্টেই অনড় জাতিসংঘ

অনলাইন ডেস্ক

৪ জুন, ২০২৬ | ১২:১৩ পূর্বাহ্ণ

বাংলাদেশের ২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের ওপর পরিচালিত তথ্য-অনুসন্ধান মিশনের প্রতিবেদনের ওপর পুনরায় আস্থা পুনর্ব্যক্ত করেছে জাতিসংঘ। মানবাধিকার লঙ্ঘনসংক্রান্ত ওই প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা নিয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের উত্থাপিত প্রশ্নও নাকচ করেছে সংস্থাটি।

 

সোমবার (১ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর (ওএইচসিএইচআর) প্রণীত ওই প্রতিবেদন নিয়ে সন্দেহ করার কোনো কারণ জাতিসংঘের নেই।

 

প্রশ্নকারী উল্লেখ করেন, বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের তথ্য-অনুসন্ধান প্রতিবেদনে দেওয়া তথ্য সঠিক নয়।

 

ওই প্রতিবেদনে বলা হয়েছিল, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে শেষ হওয়া জুলাই অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ জন নিহত হয়েছিলেন।
প্রশ্নকারী আরও উল্লেখ করেন, ভারতের বিভিন্ন গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হয়েছে যে, দণ্ডপ্রাপ্ত ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের কাছে একটি চিঠি পাঠিয়েছেন, যেখানে তিনি প্রতিবেদনে থাকা তথাকথিত ভুল তথ্যের বিষয়ে আপত্তি জানিয়েছেন।

 

এর জবাবে দুজারিক বলেন, “প্রতিবেদনটি আমাদের মানবাধিকার দপ্তরের সহকর্মীরা প্রকাশ করেছেন এবং এটি নিয়ে প্রশ্ন তোলার কোনো কারণ আমরা দেখি না।”

 

তার এ মন্তব্যের মধ্য দিয়ে মূলত জাতিসংঘ তথ্য-অনুসন্ধান মিশনের প্রতিবেদনের ফলাফলের পক্ষে সংস্থাটির অবস্থান স্পষ্ট হলো।

 

শেখ হাসিনা সরকারের পতন ঘটানো গণ-অভ্যুত্থান ঘিরে সংঘটিত সহিংসতার তদন্ত শেষে জাতিসংঘের মানবাধিকার দপ্তর ওই প্রতিবেদন প্রকাশ করে।

 

প্রতিবেদনে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তুলে ধরা হয় এবং অস্থিরতার সময় প্রায় ১ হাজার ৪০০ জন নিহত হয়েছেন বলে উল্লেখ করা হয়।

 

তবে আওয়ামী লীগের নেতা-কর্মী ও অ্যাক্টিভিস্টরা এই প্রতিবেদনকে প্রশ্নবিদ্ধ করে আসছেন। তাদের দাবি, নিহতের সংখ্যা এবং প্রতিবেদনের কিছু উপসংহার সঠিক নয়।

 

বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ নিয়ে এক প্রশ্নের জবাবে জাতিসংঘের মুখপাত্র বলেন, বিভিন্ন সদস্য রাষ্ট্র থেকে অবৈধভাবে অর্জিত অর্থ বিদেশে পাচার হওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

তিনি বলেন, “এটি উন্নয়নের পথে বড় বাধা সৃষ্টি করে। আমরা আন্তর্জাতিক সহযোগিতাকে উৎসাহিত করি, যাতে জনগণের অর্থ আবার সেই দেশগুলোর জনগণের কাছেই ফিরিয়ে দেওয়া যায়।”

 

পূর্বকোণ/রাকিব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট