বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সকলেই ইনস্টাগ্রাম ও ফেসবুকে ঘণ্টার পর ঘণ্টা রিলস দেখেই আনন্দ উপভোগ করেন। সেই সকল নেটিজেনদের জন্য রয়েছে এক অদ্ভূত চাকরির সুযোগ।
ভারতের রাজস্থান রাজ্যের উদয়পুরভিত্তিক প্রতিষ্ঠান ইনফ্লুইশ এমন একজন কর্মী খুঁজছে, যার কাজ হবে সারাদিন ইনস্টাগ্রাম রিলস দেখা এবং ভাইরাল কনটেন্ট শনাক্ত করে প্রতিষ্ঠানকে জানানো।
দীপাবলি উপলক্ষে প্রকাশ করা এক ভিডিওতে প্রতিষ্ঠানটির কর্মীরা নতুন এই নিয়োগের কথা জানিয়েছেন। ভিডিওতে এক ব্যক্তি বলেন, যারা সত্যিই ইনস্টাগ্রাম ব্যবহার করতে পছন্দ করেন, তাদের সেই অভ্যাসের জন্যই অর্থ দিতে চায় প্রতিষ্ঠানটি।
তিনি বলেন, ‘আপনি যদি সত্যিই ইনস্টাগ্রাম ব্যবহার করতে পছন্দ করেন, তাহলে আমরা আপনাকে এর জন্য অর্থ দেব। আমরা এমন একজন ডুমস্ক্রোলার খুঁজছি, যিনি সারাদিন রিলস স্ক্রল করবেন এবং ইনস্টাগ্রামে কী ভাইরাল হচ্ছে, তা সবাইকে জানাবেন।
’আগ্রহীদের ভিডিওটির মন্তব্যে ‘হাই’ লিখতে বলা হয়েছে। উদয়পুরে বসবাসকারী আগ্রহীদের সরাসরি বার্তার (ডিএম) মাধ্যমে আবেদন করার লিংক পাঠানো হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
চাকরিতে আবেদন করতে আগ্রহীরা ইনস্টাগ্রামের ‘গ্যাংসঅবস্টার্টআপ’ অ্যাকাউন্টে গিয়ে বায়োতে দেওয়া গুগল ফরমের লিংক ব্যবহার করতে পারবেন। আবেদন ফরমে প্রার্থীদের নাম, ফোন নম্বর ও ঠিকানা দিতে হবে।
পাশাপাশি তারা পূর্ণকালীন চাকরি নাকি ইন্টার্নশিপের জন্য আবেদন করছেন, তা নির্বাচন করতে হবে। কোন পদে কাজ করতে আগ্রহী, বর্তমান বেতন কত এবং প্রত্যাশিত বেতন কত; এসব তথ্যও জানাতে হবে। ফরম জমা দেয়ার আগে জীবনবৃত্তান্ত (সিভি) আপলোড করতে হবে। আবেদন যাচাই-বাছাইয়ের পর সংক্ষিপ্ত তালিকায় থাকা প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করবে প্রতিষ্ঠানটি।
গত ৪ নভেম্বর ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিওটি ইতিমধ্যে তিন লাখের বেশি বার দেখা হয়েছে।
প্রতিষ্ঠানটির দাবি, এরই মধ্যে ১১ হাজারের বেশি মানুষ আবেদন ফরম চেয়েছেন।
ব্যতিক্রমী এই চাকরির খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মজার প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ চাকরিটিকে ‘পারফেক্ট জব’ বলেছেন, আবার কেউ মন্তব্য করেছেন, ঠিক এমন একটি সুযোগেরই অপেক্ষায় ছিলেন তিনি।
অনেকে এটিকে স্বপ্নের চাকরি বলেও উল্লেখ করেছেন। একজন মজা করে প্রতিষ্ঠানটিকে তাকে নিয়োগ দেওয়ার অনুরোধ জানিয়ে বলেছেন, কাজ পেলে তিনি ‘সেরা পারফরমার’ পুরস্কারও জিতে নেবেন।
পূর্বকোণ/রাকিব/পারভেজ


















