৬০ বছর বয়সেও শাহরুখ খানের রোমান্টিক পরিচয় অটুট। নতুন ছবি ‘কিং’এর পোস্টারে হাতে বন্দুক, ঠোঁটে গোলাপ আর চারপাশে আগুনের মধ্যে দিয়ে হেঁটে আসছেন বলিউডের এই সুপারস্টার। তবে তাঁর ঘোষণা, ‘খুনি নই, আমি প্রেমিক।’
তাঁর এই সংলাপ মনে করিয়ে দিয়েছে ১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘বাদশাহ’ ছবির শিরোনাম সংগীতের কথা। পুরোনো সেই স্মৃতিকে ফিরিয়ে এনে নতুন ছবির প্রচারণায় ভিন্ন মাত্রা যোগ করেছেন অভিনেতা।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ মুক্তি পাবে আগামী ২৪ ডিসেম্বর। ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানী মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল ও সৌরভ শুক্লাসহ অনেকে।
‘খুনি নই, প্রেমিক’ ‘কিং’ এর নতুন পোস্টারে শাহরুখকে দেখা যাচ্ছে অ্যাকশনধর্মী এক আবহে। আগুনের মধ্য দিয়ে হেঁটে আসছেন তিনি, হাতে বন্দুক, মুখে গোলাপ। তাঁর চোখে–মুখে তীব্র অভিব্যক্তি। একদিকে অ্যাকশন হিরোর রুক্ষ চেহারা, অন্যদিকে ঠোঁটে গোলাপ দুইয়ের মিশেলে পোস্টারটি তৈরি করেছে আলাদা আকর্ষণ।
পোস্টারের সঙ্গে শাহরুখের লেখা সংলাপটি তাঁর দীর্ঘ অভিনয় জীবনের পুরোনো এক পরিচয়ও ফিরিয়ে এনেছে। রোমান্টিক নায়ক হিসেবে কয়েক দশক ধরে দর্শকের ভালোবাসা পেয়েছেন তিনি। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ কিংবা ‘বীর-জারা’র মতো ছবিতে প্রেমিক শাহরুখের যে পরিচয় তৈরি হয়েছিল, নতুন পোস্টারেও যেন তারই প্রতিধ্বনি।
২০২৫ সালের ২ নভেম্বর শাহরুখের ৬০তম জন্মদিনে ‘কিং’ ছবির নাম ঘোষণা করা হয়েছিল। তখন প্রকাশিত প্রথম ঝলকে রুপালি চুলের শাহরুখকে দেখা যায় অ্যাকশন হিরোর সাজে। সেখানে তাঁর সংলাপ ছিল, ‘আমি ভয় নই, আমি আতঙ্ক।’
চলতি বছরের জানুয়ারিতে ছবিটির মুক্তির তারিখ জানায় প্রযোজনা প্রতিষ্ঠান। আগামী ২৪ ডিসেম্বর বড়দিনের ছুটি সামনে রেখে প্রেক্ষাগৃহে আসবে ছবিটি। মুক্তির আগে দর্শকদের আগ্রহ বাড়াতে ধাপে ধাপে প্রচার সামগ্রী প্রকাশ করা হচ্ছে।
পূর্বকোণ/প্রান্ত


















