চট্টগ্রাম মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

এআই কনটেন্ট শনাক্তে গুগলের নতুন টুল, ব্যবহার করবেন যেভাবে

অনলাইন ডেস্ক

১৩ অক্টোবর, ২০২৬ | ৩:১১ অপরাহ্ণ

অনলাইনে ছড়িয়ে পড়া ছবি, ভিডিও কিংবা অডিও আসল নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি, তা যাচাই করতে নতুন সুবিধা নিয়ে এসেছে গুগল। ‘সিন্থআইডি ডিটেক্টর’ নামের এই টুলের মাধ্যমে ডিজিটাল কনটেন্টে এআইয়ের ব্যবহার শনাক্ত করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা।
 
বিশ্বজুড়ে ইংরেজি ভাষায় ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে এই ভেরিফিকেশন পোর্টাল। এ উদ্যোগে গুগলের সঙ্গে অংশীদার হিসেবে রয়েছে ওপেনএআই, এনভিডিয়া ও কাকাও। এ ছাড়া শিগগিরই অ্যাপলও এই উদ্যোগে যুক্ত হবে বলে জানানো হয়েছে।
 
টুলটি ব্যবহার করতে প্রথমে synthid.com ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর যে ছবি, ভিডিও বা অডিও নিয়ে সন্দেহ রয়েছে, সেটি আপলোড করলেই স্বয়ংক্রিয়ভাবে পরীক্ষা শুরু হবে। ফাইলটিতে গুগল বা সংশ্লিষ্ট অংশীদারদের প্রযুক্তির মাধ্যমে যুক্ত করা সিন্থআইডি ওয়াটারমার্ক রয়েছে কি না, তা শনাক্ত করার চেষ্টা করবে সিস্টেমটি।
 
সিন্থআইডি মূলত এআই দিয়ে তৈরি কনটেন্টের মধ্যে যুক্ত করা একধরনের অদৃশ্য ডিজিটাল চিহ্ন। সাধারণভাবে চোখে দেখা না গেলেও বিশেষ প্রযুক্তির সাহায্যে এটি শনাক্ত করা সম্ভব। এর মাধ্যমে নির্দিষ্ট কিছু এআই-নির্মিত ছবি, ভিডিও ও অডিওর উৎস সম্পর্কে ধারণা পাওয়া যায়।
 
বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এআই দিয়ে তৈরি ছবি, ভিডিও ও অডিওর ব্যবহার বাড়ছে। একই সঙ্গে ডিপফেক এবং বিভ্রান্তিকর কনটেন্ট ছড়িয়ে পড়ার ঝুঁকিও তৈরি হচ্ছে। এমন পরিস্থিতিতে ডিজিটাল কনটেন্ট যাচাইয়ের জন্য এ ধরনের প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
 
তবে এই টুলের কিছু সীমাবদ্ধতাও রয়েছে। কোনো ফাইলে সিন্থআইডি ওয়াটারমার্ক পাওয়া না গেলেই সেটি যে নিশ্চিতভাবে আসল, এমন সিদ্ধান্তে পৌঁছানো যাবে না। কারণ, সব এআই-নির্মিত কনটেন্টে এই চিহ্ন থাকে না। তাই অনলাইনে পাওয়া কোনো ছবি বা ভিডিওর সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে অন্যান্য নির্ভরযোগ্য সূত্রও বিবেচনায় নেওয়া প্রয়োজন।
 
গুগলের এই টুল ব্যবহার ও এর কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করা যাবে নির্ধারিত ওয়েবসাইটে: goo.gle/4rU9uOW।
 
পূর্বকোণ/পল্লবী

শেয়ার করুন