জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব তাদের প্ল্যাটফর্মে ভিডিওর ভিউ কাউন্টে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে। গুগলের মালিকানাধীন এই প্ল্যাটফর্মটি সোমবার (১৭ আগস্ট) ঘোষণা দিয়েছে, এখন থেকে কোনো ভিডিও শুরু হওয়া মাত্রই অথবা কেউ লাইভ সম্প্রচারে প্রবেশ করলেই তা ভিউ হিসেবে কাউন্ট করা হবে।
আগে কীভাবে ভিউ কাউন্ট করা হতো তা কখনো প্রকাশ করেনি প্ল্যাটফর্মটি। সাধারণত এটি ধরে নেওয়া হতো যে একজন কোনো ভিডিওর অন্তত ৩০ সেকেন্ড দেখার পরই তা একটি ভিউ হিসেবে কাউন্ট করা হতো।
শর্টস ভিডিওগুলোতে ভিউ কাউন্টের ক্ষেত্রে ইউটিউব ঠিক একই পদ্ধতি চালুর এক বছর পর নতুন এই পরিবর্তন আনা হলো। প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম টিকটক এবং ইনস্টাগ্রামেও কোনো ভিডিও শুরু হওয়া মাত্রই তা ভিউ হিসেবে কাউন্ট করা হয়।
কোম্পানিটি একটি ইউটিউব কমিউনিটি পোস্টে লিখেছে, ঐতিহাসিকভাবে আমরা বিভিন্ন ফরম্যাটে একাধিক ভিউ কাউন্ট সিস্টেম ব্যবহার করে আসছি। তবে আমরা জানতে পেরেছি ক্রিয়েটররা কাউন্টের এই বিভ্রান্তি দূর করতে চান এবং তাদের সত্যিকারের পরিচিতি সঠিকভাবে বুঝতে চান, যে কারণে আমরা এই আপডেট নিয়ে আসছি।
এই পরিবর্তনের ফলে ইউটিউবের ভিউয়ের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে, বিশেষ করে সেসব ভিডিওর ক্ষেত্রে যেগুলো কেবল অল্প সময়ের জন্য দর্শকদের মনোযোগ আকর্ষণ করে। এর সহজ অর্থ, একটি ভিডিও আসলে কতটা জনপ্রিয় তা নির্ধারণ করার জন্য পাবলিক ভিউ কাউন্ট হয়তো ক্রিয়েটর এবং বিজ্ঞাপনদাতাদের জন্য আর খুব একটা কার্যকরী হাতিয়ার হয়ে থাকবে না।
ইউটিউব জানিয়েছে, তারা মূল ভিউ মেট্রিক বজায় রাখবে, যাকে এখন ‘এনগেজড ভিউজ’ বলা হচ্ছে। ক্রিয়েটররা তাদের অ্যানালিটিক্স টুলের মাধ্যমে এটি দেখতে পাবেন, যা তাদের বুঝতে সাহায্য করবে কতজন দর্শক ভিডিওটি দেখা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন।
কোম্পানিটি আরও উল্লেখ করেছে, এই পরিবর্তনের ফলে ক্রিয়েটরদের আয় বা তারা কীভাবে ইউটিউব পার্টনার প্রোগ্রামের মাধ্যমে মনিটাইজেশনের উপযুক্ত হবেন, তার ওপর কোনো ধরনের প্রভাব পড়বে না।
আগামী ২৪ আগস্ট থেকে কার্যকর হতে যাওয়া এই আপডেটটি এমন এক সময়ে এলো, যার ঠিক এক সপ্তাহ আগে ইউটিউব ক্রিয়েটরদের জন্য আরেকটি বড় পরিবর্তন এনেছিল। তারা ঘোষণা দিয়েছিল, আগামী বছর থেকে নতুন ক্রিয়েটরদের বিজ্ঞাপন ও সাবস্ক্রিপশন থেকে আয় শুরু করতে হলে আরও কঠোর শর্ত পূরণ করতে হবে।
যেসব ক্রিয়েটর এই প্ল্যাটফর্ম থেকে আয় করতে চান, তাদের এক বছরে অন্তত ৮,০০০ ঘণ্টার ওয়াচ আওয়ার বা ৯০ দিনে ২ কোটি শর্টস ভিউ থাকতে হবে। বর্তমানে ক্রিয়েটরদের ১,০০০ সাবস্ক্রাইবার ও এক বছরে ৪,০০০ ঘণ্টা ওয়াচ আওয়ার অথবা ১,০০০ সাবস্ক্রাইবার এবং ৯০ দিনে ১ কোটি শর্টস ভিউ প্রয়োজন হয়। পাশাপাশি ক্রিয়েটরদের উপার্জনের জন্য ৯০ দিনের মধ্যে ১ কোটি শর্টস ভিউ বজায় রাখতে হয়।
সূত্র: টেকক্রাঞ্চ
পূর্বকোণ/রাকিব/পারভেজ

















