চট্টগ্রাম মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

গোপনে ভিডিও ধারণের আশঙ্কায় নিষিদ্ধ মেটার স্মার্ট চশমা

গোপনে ভিডিও ধারণের আশঙ্কায় নিষিদ্ধ মেটার স্মার্ট চশমা

অনলাইন ডেস্ক

১১ আগস্ট, ২০২৬ | ৭:৫৩ অপরাহ্ণ

গোপন ভাবে নজরদারির কাজে ব্যবহারের আশঙ্কায় ‘স্পাইওয়্যার’ হিসেবে সমালোচিত মেটার স্মার্ট চশমা নিষিদ্ধ করেছে ইংল্যান্ড ও ওয়েলসের আদালত। এর আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আদালত, যুক্তরাজ্যের বেশ কয়েকটি রেস্তোরাঁ, থিয়েটার ও পানশালাতেও এই চশমা নিষিদ্ধ করা হয়েছে।

 

গত মাসে নিউইয়র্কের আদালত বিতর্কিত এই স্মার্ট চশমা নিষিদ্ধ করার ঘোষণা দেয়। চশমাটি পরা অবস্থায় ভিডিও ধারণ করা যায়।

 

এবার ইংল্যান্ড ও ওয়েলসের সব ফৌজদারি, দেওয়ানি ও পারিবারিক আদালতের দায়িত্বে থাকা কোর্টস অ্যান্ড ট্রাইব্যুনাল সার্ভিস (সিটিএস) জানিয়েছে, বিচারিক ভবনে প্রবেশের সময় কারও কাছে মেটার স্মার্ট চশমা পাওয়া গেলে তা জব্দ করা হবে।

 

সিটিএসের এক মুখপাত্র দ্য গার্ডিয়ানকে বলেন, আদালত ও ট্রাইব্যুনালের ভেতরে ছবি বা ভিডিও ধারণের ওপর স্পষ্ট বিধিনিষেধ রয়েছে।

 

এ কারণেই মেটার স্মার্ট চশমার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। যুক্তরাজ্যে সরকারি অনুমতি ছাড়া আদালত ভবনের ভেতরে ছবি বা ভিডিও ধারণ নিষিদ্ধ।

 

এ ধরনের কর্মকাণ্ডের জন্য আদালত অবমাননার অভিযোগে বিচারও হতে পারে। আইনজীবী ও সাধারণ মানুষ স্মার্টফোন নিয়ে আদালতে প্রবেশ করতে পারেন। তবে স্মার্টফোনে ভিডিও ও অডিও ধারণ করা গেলেও স্মার্ট চশমার ক্ষেত্রে এমন কোনো ছাড় দেওয়া হবে না বলে সিটিএস জানিয়েছে।

 

একটি সূত্র জানিয়েছে, আদালত বা ট্রাইব্যুনালে মেটার স্মার্ট চশমা নিয়ে প্রবেশ করলে সেটি প্রবেশপথেই জব্দ করা হবে। ভবন থেকে বের হওয়ার সময় মালিককে চশমাটি ফেরত দেওয়া হবে।

 

 

সূত্রটি আরও জানায়, আদালতের কার্যক্রম রেকর্ড না করার শর্তে স্মার্টফোন নিয়ে প্রবেশের অনুমতি রয়েছে।চলতি বছরের শুরুতে হাইকোর্টে সাক্ষ্য দেওয়ার সময় স্মার্ট চশমা পরে থাকার অভিযোগে এক মামলার বাদীকে বিচারক অভিযুক্ত করেছিলেন। অভিযোগ ছিল, চশমাটির মাধ্যমে তিনি ‘কোচিং’ বা উত্তর দেওয়ার বিষয়ে সহায়তা পাচ্ছিলেন।

 

সম্পত্তি কোম্পানির পরিচালনা নিয়ে একটি মামলার শুনানির সময় লাইমোনাস জ্যাকস্টিসকে স্মার্ট চশমাটি খুলে ফেলতে বলা হয়। বিচারক মিসেস জাস্টিস অ্যাগনেলো বলেন, জেরার সময় করা প্রশ্নের উত্তরে জ্যাকস্টিসকে ‘সহায়তা বা কোচিং দেওয়া হয়েছিল’। তবে জ্যাকস্টিস স্মার্ট চশমা ব্যবহার করে উত্তর নেওয়ার কথা অস্বীকার করেন। তিনি আরও অস্বীকার করেন যে চশমাটি তার ফোনের সঙ্গে সংযুক্ত ছিল। আদালতে স্মার্ট চশমা ব্যবহার বা নিয়ে প্রবেশের কতটি ঘটনা ঘটেছে, সে বিষয়ে সিটিএসের কাছে কোনো পরিসংখ্যান নেই।

গত ফেব্রুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি নিয়ে ক্যালিফোর্নিয়ায় একটি বহুল আলোচিত মামলার শুনানির সময় মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের নিরাপত্তা দলের সদস্যদের মেটার স্মার্ট চশমা পরা অবস্থায় দেখা যায়।

 

তখন বিচারক ক্যারোলিন বি কুল নিরাপত্তারক্ষীদের সতর্ক করে বলেন, তারা যদি মামলার কোনো কার্যক্রম রেকর্ড করে থাকেন, তাহলে তাদের আদালত অবমাননার অভিযোগের মুখে পড়তে হবে।

 

নিউইয়র্কের আদালত কর্তৃপক্ষ জানিয়েছে, কেউ যাতে গোপনে আদালতের কার্যক্রম রেকর্ড করতে না পারে, তা নিশ্চিত করতেই স্মার্ট চশমা নিষিদ্ধ করা হয়েছে। আদালত কর্তৃপক্ষ আরও জানিয়েছে, স্মার্ট চশমা থাকা কোনো ব্যক্তিকে ইউনিফায়েড কোর্ট সিস্টেমের কোনো ভবনে প্রবেশের অনুমতি দেওয়া হবে না, যদি না তিনি ভবনে অবস্থানের সময় চশমাটি নিরাপত্তার দায়িত্বে থাকা ইউনিফর্ম পরিহিত কর্মীদের কাছে জমা দেন।

গত বছর মেটা এসব স্মার্ট চশমার ৭০ লাখ জোড়া বিক্রি করেছে। চশমাগুলোর দাম ২৬৯ থেকে ৪৬৯ পাউন্ডের মধ্যে।

বিশেষ করে নারীদের তাদের সম্মতি ছাড়া ভিডিও ধারণে মেটার চশমা ব্যবহারের আশঙ্কা থেকে এগুলোকে ‘বিকৃতমনস্কদের চশমা’ বলেও অভিহিত করা হয়েছে। গোপনীয়তা নিয়ে উদ্বেগের কারণে যুক্তরাজ্যের বেশ কয়েকটি রেস্তোরাঁ, থিয়েটার ও পানশালা মেটার চশমা নিষিদ্ধ করেছে।

মেটার এক মুখপাত্র আদালতে চশমা নিষিদ্ধের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে তিনি বলেন, চশমা দিয়ে ভিডিও ধারণের সময় আশপাশের মানুষের কাছে একটি জ্বলজ্বলে আলো দৃশ্যমান হয়। রেকর্ডিংয়ের সময় ব্যবহারকারীরা যাতে ওই আলো ঢেকে রাখতে না পারেন, তা নিশ্চিত করতে নিয়মিত হালনাগাদ করা টেম্পার-ডিটেকশন প্রযুক্তিও ব্যবহার করা হয়। তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

পূর্বকোণ/রাকিব/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট