দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ জন। শনিবার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৫১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নভেম্বরে ২০ দিনে মারা গেছে ৯৭ জন। এছাড়া অক্টোবরে ১৭৪ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৬৭৪ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭১ হাজার ৯৫৪ জনে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৬৫ হাজার ৮৬৪ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৭৪৪ জন। এছাড়া চট্টগ্রামে ২৫৫ জন, খুলনায় ২২৭ জন, বরিশালে ১৪৫ জন, রাজশাহীতে ১৪৬ জন, ময়মনসিংহে ৯৩ জন এবং রংপুরে ৬৪ জন রোগী ভর্তি হয়েছেন।
চিকিৎসকদের মতে, ঋতু পরিবর্তনের সময় বিভিন্ন ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়া স্বাভাবিক। এর সঙ্গে বায়ুদূষণ ও বাতাসে ছড়িয়ে থাকা বিভিন্ন অ্যালার্জ যুক্ত হয়ে পরিস্থিতি আরও জটিল করে তুলছে। ফলে অনেকের মধ্যে সাধারণ সর্দি-কাশি ও ভাইরাল জ্বরের পাশাপাশি অ্যালার্জিজনিত সমস্যাও দেখা যাচ্ছে।
জ্বরের সঙ্গে তীব্র কাঁপুনি, শরীরে প্রচণ্ড ব্যথা কিংবা চোখে ব্যথার মতো উপসর্গ দেখা দিলে বিষয়টিকে সাধারণ ভাইরাল জ্বর ভেবে অবহেলা করা ঠিক হবে না। এসব লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডেঙ্গু ও ম্যালেরিয়া পরীক্ষা করানো যেতে পারে। পাশাপাশি শরীরের রক্তের বিভিন্ন উপাদানের অবস্থা জানতে কমপ্লিট ব্লাড কাউন্ট (সিবিসি) পরীক্ষাও প্রয়োজন হতে পারে।
জ্বরের স্থায়িত্ব, উপসর্গের ধরন এবং শারীরিক অবস্থার ওপর ভিত্তি করেই পরবর্তী চিকিৎসা ও পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া উচিত।
পূর্বকোণ/মিফতা/পারভেজ


















