মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট উঠেছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহির মাথায়।
শনিবার (৭ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে গত বছরের বিজয়ী তানজিয়া জামান মিথিলার উত্তরসূরি হলেন তিনি। এবার আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মাহি।
বিজয়ীর নাম ঘোষণার মুহূর্তে অনুষ্ঠানস্থলে তৈরি হয় টানটান উত্তেজনা। নিজের নাম শুনে আবেগাপ্লুত হয়ে বুকের ওপর হাত রাখেন মাহি। এরপর গত বছরের ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ বিজয়ী তানজিয়া জামান মিথিলা তার মাথায় মুকুট পরিয়ে দেন। পরে দুজন একে অপরকে জড়িয়ে ধরেন। তাদের একসঙ্গে মঞ্চে হাঁটার সময় করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন।
অনুষ্ঠানে মাহির পরনে ছিল শ্যাম্পেন-গোল্ড রঙের ঝলমলে মারমেইড গাউন। অফ-শোল্ডার পোশাকটিতে ছিল ভারী পাথরের কারুকাজ। অন্যদিকে বিদায়ী বিজয়ী তানজিয়া জামান মিথিলার পরনে ছিল হালকা নীল ও সিলভার রঙের গাউন। পোশাকটির কাঁধের নকশা ছিল পাখার মতো। বিজয়ী ঘোষণার সময় মঞ্চে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জাও।
আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামী ১১ নভেম্বর থেকে পুয়ের্তো রিকোতে শুরু হতে যাওয়া ৭৫তম ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে লড়বেন সামিরা খান মাহি। আটলান্টিক মহাসাগরের তীরবর্তী এই অঞ্চলে অনুষ্ঠিতব্য বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাহি বলেন, বাবা মা আমাকে বলেছে ‘যাও, বিশ্ব জয় করে আসো। সবার কাছে দোয়া চাই, যেন আমি বিশ্ব জয় করে ফিরতে পারি। বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারি। আমি জিতলে বাংলাদেশ জিতে যাবে।
উল্লেখ্য, ২০২৫ সালে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তানজিয়া জামান মিথিলা। বিশ্বের ১২২টি দেশের প্রতিযোগীর সঙ্গে লড়াই করে সেরা ৩০-এ জায়গা করে নেন তিনি। মিস ইউনিভার্সের মঞ্চে এটিই ছিল বাংলাদেশের প্রথম প্লেসমেন্ট অর্জন। পাশাপাশি পিপলস চয়েস বিভাগেও শীর্ষস্থান অর্জন করে দেশের জন্য গৌরব বয়ে আনেন মিথিলা।
মিথিলার সাফল্যের ধারাবাহিকতায় এবার বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার দায়িত্ব পেলেন সামিরা খান মাহি। এবার তার লক্ষ্য আন্তর্জাতিক মঞ্চে দেশের পতাকা উঁচুতে তুলে ধরা।
পূর্বকোণ/মিফতা/পারভেজ


















