চট্টগ্রামের ‘ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠান থেকে চিত্রনায়িকা পরীমনিকে বাদ দেওয়া হয়েছে। আদালত চত্বরে এক গণমাধ্যমকর্মীর সাথে অসম্মানজনক আচরণের অভিযোগ এবং চট্টগ্রামের স্থানীয় সাংবাদিকদের তীব্র ক্ষোভ ও প্রতিবাদের মুখে আয়োজক কমিটি এ সিদ্ধান্ত নেয়। শনিবার (৭ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক পক্ষ।
আয়োজকরা জানান, অনাকাঙ্ক্ষিত ওই ঘটনার অন্তত ১৭ দিন আগেই পরীমনির সাথে চট্টগ্রামে অতিথি হিসেবে উপস্থিত থাকার চুক্তি সম্পন্ন হয়েছিল। তবে সাংবাদিকদের পেশাগত সম্মান রক্ষা ও তাঁদের যুক্তিসঙ্গত দাবির প্রতি সমর্থন জানিয়ে চুক্তি বাতিল করে তাঁকেই বাদ দেওয়া হয়েছে। ইতোমধ্যে পরীমনিকে ছাড়া অনুষ্ঠানের নতুন পোস্টারও প্রকাশ করা হয়েছে।
এর আগে শুক্রবার রাতে নিজের ফেসবুকে উক্ত অনুষ্ঠানের একটি পোস্টার শেয়ার করে পরীমনি লিখেছিলেন, ‘দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।’ এর পরপরই চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক কার্যনির্বাহী সদস্য ও কালের কণ্ঠের প্রতিবেদক ফারুক মুনিরসহ স্থানীয় সাংবাদিকরা সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিবাদ জানান।
তাঁরা স্পষ্ট জানান, ভুক্তভোগী সহকর্মীর কাছে প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত চট্টগ্রামবাসী ও সাংবাদিকরা তাঁকে মেনে নেবেন না। শেষ পর্যন্ত সাংবাদিকদের সেই প্রতিবাদের মুখেই নতি স্বীকার করতে হলো আয়োজকদের।
পূর্বকোণ/এমএইচ/পারভেজ


















