চট্টগ্রাম শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬

পরীমনির পাশে দাঁড়িয়ে এবার নিজের ‘ব্যাড টাচের’ অভিজ্ঞতা জানালেন প্রভা

পরীমনির পাশে দাঁড়িয়ে এবার নিজের ‘ব্যাড টাচের’ অভিজ্ঞতা জানালেন প্রভা

অনলাইন ডেস্ক

৭ নভেম্বর, ২০২৬ | ১১:৫৬ পূর্বাহ্ণ

আদালত প্রাঙ্গণে চিত্রনায়িকা পরীমনির সঙ্গে এক সংবাদকর্মীর বাগ্‌বিতণ্ডা ও ব্যাড টাচের অভিযোগ ঘিরে যখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে, তখন নিজের জীবনের একই ধরনের তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।

 

এক অনুষ্ঠানে সাংবাদিকের অস্বস্তিকর আচরণের মুখোমুখি হওয়ার কথা জানিয়ে কর্মক্ষেত্রে নারীদের ব্যক্তিগত পরিসরের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন তিনি।

 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশিত একটি ভিডিওবার্তায় প্রভা পরীমনির অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সাংবাদিককে সমর্থন না করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

 

নারীদের কাজের জায়গায় এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হলে তা চুপচাপ এড়িয়ে না যাওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, কিছু বিষয় চেপে গেলে নিজেকে অপরাধী মনে হয় এবং বিবেকের কাছে ছোট হয়ে থাকতে হয়।

 

ভিডিওতে নিজের একটি পুরোনো ঘটনার বর্ণনা দিয়ে প্রভা জানান, একবার একটি প্রসাধনীর ফেয়ার ইভেন্টে অংশ নেওয়ার সময় কয়েকজন সাংবাদিক তাকে ঘিরে ধরেছিলেন, যার মধ্যে একজনের আচরণ অত্যন্ত অস্বস্তিকর ছিল।

 

প্রভার ভাষ্য অনুযায়ী, ওই সাংবাদিক একাধিক মাইক্রোফোন নিয়ে তার শরীরের খুব কাছাকাছি চলে আসার চেষ্টা করেছিলেন এবং বারবার সরে যাওয়ার পরও ওই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে হাত এগিয়ে আনছিলেন। ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী বলেন, ওই ব্যক্তি যদি সাংবাদিক না হতেন, তবে তিনি নিজেই তাকে স্যান্ডেল দিয়ে প্রহার করতেন।

 

পরবর্তীতে তিনি মুচকি হেসে মৃদু প্রতিবাদ জানিয়ে বলেছিলেন যে তিনি অস্বস্তি বোধ করছেন কি না, তা ওই ব্যক্তি বুঝতে পেরেছিলেন কি না। প্রভার এই ভিডিও বার্তা প্রকাশের পর কর্মক্ষেত্র ও জনসমাগমে নারী তারকাদের ব্যক্তিগত পরিসর, নিরাপত্তা এবং গণমাধ্যমকর্মীদের পেশাগত শিষ্টাচার নিয়ে নতুন করে দেশজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর একটি মামলায় আদালতে সশরীরে হাজির হয়ে আত্মসমর্পণ করেন পরীমনি। পরবর্তীতে শুনানি শেষে আদালত ৫০০ টাকার মুচলেকায় তাকে জামিন দেন। তবে আদালত প্রাঙ্গণ ত্যাগ করার সময় সাংবাদিকের সঙ্গে ওই অনভিপ্রেত ঘটনার সূত্রপাত হয়, যা নিয়ে পরবর্তীতে নেটদুনিয়ায় নানা তর্ক-বিতর্ক তৈরি হয়েছে।

পূর্বকোণ/নুসরাত

 

শেয়ার করুন