চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

অনলাইন ডেস্ক

১৫ অক্টোবর, ২০২৬ | ১:৪৮ অপরাহ্ণ

বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে মুম্বাই পুলিশ। প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে অংশ নেওয়ার জেরে এই নোটিশ হাতে পেলেন আমিরের ভাগ্নে।
 
 
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে আয়োজিত বিক্ষোভে অংশ নিয়ে চরম বিপাকে পড়লেন ইমরান খান। বিক্ষোভস্থল থেকে পুলিশের হাতে আটক হওয়ার পর এবার তাকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছেড়ে চলে যাওয়ার কড়া নির্দেশ দিল মুম্বাই পুলিশ!
 
 
আমির খানের ভাইঝি জায়ন মারি ও তার সঙ্গীদের পাশাপাশি এই বিক্ষোভে সামিল হয়ে আটক হয়েছিলেন ‘জানে তু… ইয়া জানে না’ খ্যাত অভিনেতা।
 
 
মুম্বাই পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মার্কিন পাসপোর্টধারী বিদেশি নাগরিক হওয়ায় এবং ওসিআই (OCI – Overseas Citizen of India) কার্ড থাকা সত্ত্বেও রাজনৈতিক বা সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ায় তার বিরুদ্ধে ইমিগ্রেশন আইনের ২৯ ও ৭ নম্বর ধারায় এই আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
 
 
এর আগে বিজেপির প্রাক্তন সাংসদ কিরীট সোমাইয়া মুম্বাই পুলিশের যৌথ কমিশনার মনোজ কুমার শর্মাকে চিঠি দিয়ে প্রশ্ন তোলেন যে, একজন বিদেশি নাগরিক হিসেবে ইমরান খানের এই দেশে এমন রাজনৈতিক আন্দোলনে যোগ দেওয়ার আইনি অধিকার আছে কি না। তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করে অবিলম্বে অভিনেতাকে দেশ থেকে বের করে দেওয়ার দাবিও জানান।
 
 
অন্যদিকে বিক্ষোভে আটক হওয়ার সময় বা ভ্যানে ওঠার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ইমরান খান স্পষ্ট করে বলেছিলেন—‘আমার বিশেষ কোনও রাজনৈতিক দাবি নেই। আমি কোনও সংস্থ বা দলের প্রতিনিধি হয়ে আসিনি। মুম্বাই শহরের একজন সাধারণ নাগরিক হিসেবে দেখতে এসেছিলাম কেন মানুষের চলাফেরার স্বাধীনতাকে সীমাবদ্ধ করা হচ্ছে এবং কেন তাদের কণ্ঠরোধ করা হচ্ছে!’
 
 
পুলিশের ভ্যান থেকে হাস্যরসাত্মক মেজাজে ‘একটু ড্রাইভে যাচ্ছি’ লিখে ছবি পোস্ট করা অভিনেতা এখন পুলিশের এই দেশ ছাড়ার নির্দেশের পর কোনও আইনি পদক্ষেপ নেন কি না, সেদিকেই তাকিয়ে রয়েছে বি-টাউন ও নেটপাড়া।
 
পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন