‘ভায়োলেন্স’ সিনেমা থেকে সরে দাঁড়ালেন চিত্রনায়িকা অধরা খান। পরিচালকের অপেশাদার আচরণ ও যথাযথ যোগাযোগের অভাবের অভিযোগ তুলে অভিনেত্রী জানিয়েছেন, এই সিনেমার জন্য অপেক্ষা করতে গিয়ে বড় ধরনের আর্থিক ও পেশাগত ক্ষতির মুখে পড়েছেন তিনি। এমনকি সিনেমাটিতে যুক্ত হওয়াকে নিজের ক্যারিয়ারের বড় ভুল বলেও মনে করছেন অধরা।
অভিনেত্রীর দাবি, অনেক আগেই ‘ভায়োলেন্স’ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। বিষয়টি সংশ্লিষ্ট পক্ষকে জানানো হলেও আনুষ্ঠানিক কোনো ঘোষণা না আসায় ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতেই মুখ খুলেছেন। কেন এত দিন চুপ ছিলেন অধরা?
অভিনেত্রীর ভাষ্য, ‘আমার বক্তব্যের কারণে সিনেমাটির শুটিং কিংবা এর সঙ্গে যুক্ত সহশিল্পী ও কলাকুশলীদের কাজে নেতিবাচক প্রভাব পড়ুক, তা চাইনি।’ এবার আর্থিক ও পেশাগত ক্ষতির অভিজ্ঞতা সামনে এনে নীরবতা ভাঙলেন তিনি।
অধরার দাবি, ‘ভায়োলেন্স’-এর জন্য অপেক্ষা করতে গিয়ে হলিউডসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রকল্পে কাজের সুযোগ গ্রহণ করতে পারেননি।
পূর্বকোণ/মিফতা


















