চট্টগ্রামভিত্তিক এক্সপেরিমেন্টাল রক ব্যান্ড ‘মাই ৩১তম ডিমেরিট’ আগামী ১৫ অক্টোবর প্রকাশ করতে যাচ্ছে তাদের প্রথম অফিসিয়াল মিউজিক ভিডিও ‘ধূমকেতু’। সাইবার পাঙ্ক স্টুডিওর সহযোগিতায় নির্মিত এই গানটি ব্যান্ডের আসন্ন পূর্ণদৈর্ঘ্য অ্যালবাম ‘ত্রিদোষালয়’-এর অংশ। ভারী সাউন্ডের পাশাপাশি গানটিতে মেলোডিক আবহ ধরে রাখা হয়েছে।
২০০৫ সালে ষষ্ঠ শ্রেণির কয়েকজন শিক্ষার্থীর হাত ধরে যাত্রা শুরু করা এই ব্যান্ডটির বর্তমান সদস্যরা হলেন- মাশফি (ভোকাল), হাসান (ড্রামস), তানভীর (গিটার), ইমন (বেস) এবং তানশি হোসেন (লিড গিটার)। ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য সাহিম রশিদের মর্মান্তিক মৃত্যুর পর তানশি হোসেন লিড গিটারিস্ট হিসেবে ব্যান্ডে যোগ দেন। ‘রক ৪০৪’ সংকলনে ‘চারদেয়াল’ এবং ‘আসর’ সংকলনে রায়েফ আল হাসান রাফার ড্রামসে ‘শেষের অসমাপ্তে’ গানের মাধ্যমে পরিচিতি পাওয়া ব্যান্ডটি এর আগে ‘অইশো’ ও ‘নীলে বহুদূরে’ সিঙ্গেল প্রকাশ করেছে।
দীর্ঘ দুই দশকের যাত্রায় নানা প্রতিকূলতা ও সদস্যদের ভৌগোলিক দূরত্ব সত্ত্বেও কেবল মিউজিকের প্রতি ভালোবাসাকে সম্বল করে নতুন এই মাইলফলকে পৌঁছাল ব্যান্ডটি। বিভিন্ন সময়ে ব্যান্ডের সদস্যরা বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করলেও সৃষ্টিশীল কাজ থেকে সরে যায়নি মাই ৩১তম ডিমেরিট।
পূর্বকোণ/ইবনুর


















