চট্টগ্রাম মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

‘টাকা আমার মাথা খারাপ করে তোলে’ নোবেলের অতীত 

‘টাকা আমার মাথা খারাপ করে তোলে’ নোবেলের অতীত 

অনলাইন ডেস্ক

৬ অক্টোবর, ২০২৬ | ১১:০৪ অপরাহ্ণ

ভারতের জনপ্রিয় সংগীত রিয়েলিটি শো ‘সারেগামাপা’য় তৃতীয় স্থান অর্জন করার পর বাংলাদেশের সংগীত অঙ্গনে ব্যাপক পরিচিতি লাভ করেন সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। এরপর মৌলিক গান ও চলচ্চিত্রের গানেও নিজের অবস্থানকে দৃঢ় করেন তিনি।  
 
তবে হঠাৎ করেই সংগীতের বাইরের নানা কর্মকাণ্ডে জড়িয়ে দেশজুড়ে সমালোচনায় পড়ে যান এই গায়ক। 
 
ক্যারিয়ারের শুরুর দিকে মাসে ৪০ থেকে ৬০ লাখ টাকা পর্যন্ত আয় করতেন বলে জানিয়েছেন নোবেল।
 
তার ভাষ্য, অল্প বয়সে পাওয়া বিপুল অর্থ ও জনপ্রিয়তার ভার সামলানোর মতো মানসিক পরিপক্বতা তখন তার ছিল না।
 
নোবেল জানান, একসময় তার ব্যাংক অ্যাকাউন্টে কয়েক কোটি টাকা পর্যন্ত জমা ছিল।
 
কিন্তু বয়স কম হওয়ায় সেই অর্থ ও খ্যাতিকে সামলাতে পারেননি তিনি। একপর্যায়ে জড়িয়ে পড়েন বেখেয়ালি জীবনে।
 
নিজের সেই সময়ের কথা বলতে গিয়ে নোবেল বলেন, ‘আমি সারেগামাপায় যখন জনপ্রিয়তা পাই, দুহাতে টাকা আসতে থাকে। মাসে এমনও হয়েছে, ৪০-৫০, এমনকি ৬০ লাখও পেতাম। অল্প বয়সী আমি, তখন মাত্র ২৪-২৫ বছর। এত টাকা আমাকে অস্থির করে তোলে। নিজেকে ধরে রাখতে পারিনি। বেখেয়ালি জীবনে জড়িয়ে পড়ি। টাকা আমার মাথা খারাপ করে তোলে।’
 
নোবেলের দাবি, এমন সময়ও গেছে যখন তার ব্যাংক অ্যাকাউন্টে কয়েক কোটি টাকা ছিল। সেই সময়ের কথা স্মরণ করে তিনি বলেন, ‘এমন সময় ছিল, ব্যাংকে কয়েক কোটি টাকা ছিল। কোটি টাকা থাকলে ওই বয়সে মাথা ঠিক থাকে।’
 
তবে নোবেলের সংগীতজীবনের শুরু ‘সারেগামাপা’ দিয়ে নয়। ছোটবেলায় বাবার কিনে দেওয়া ক্যাসেট শুনে আইয়ুব বাচ্চু, জেমস ও হাসানের গান গাইতেন তিনি। পরবর্তী সময়ে ২০১৬ সালে গানকেই পেশা হিসেবে নেওয়ার সিদ্ধান্ত নেন। গড়ে তোলেন ব্যান্ড, শুরু করেন নিয়মিত অনুশীলন।
 
কোনো ওস্তাদের কাছে প্রাতিষ্ঠানিকভাবে সংগীত শেখেননি নোবেল। নিজের চেষ্টায় সংগীতচর্চা চালিয়ে গেলেও শেষ পর্যন্ত তাকে বড় পরিচিতি এনে দেয় ভারতের জনপ্রিয় সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘সারেগামাপা’। সেখানে তৃতীয় স্থান অর্জনের পর রাতারাতি আলোচনায় চলে আসেন এই শিল্পী।
 
নোবেলের ভাষ্য, এখন সেই জীবন থেকে অনেকটাই দূরে সরে এসেছেন তিনি। গত ১০ মাসে তার জীবনে বড় পরিবর্তন এসেছে। বিশেষ করে ছেলের জন্মের পর থেকেই এই বদলের শুরু। এখন গান ও ছেলেকে ঘিরেই তার সকল ব্যস্ততা। 
 
পূর্বকোণ/রাকিব/পারভেজ

শেয়ার করুন