দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সংগীতশিল্পী প্রীতম হাসান ও মডেল-অভিনেত্রী শেহতাজ। তবে বিয়ের চার বছর পূর্ণ হওয়ার আগেই সেই সম্পর্কে টান পড়েছে। পারস্পরিক বোঝাপড়ার পার্থক্যের কারণে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
২০১৭ সালে প্রীতম হাসানের ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওতে কাজ করার সময় শেহতাজের সঙ্গে তার পরিচয় হয়। একসঙ্গে কাজ করতে গিয়ে ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। পরে সেই সম্পর্ক রূপ নেয় প্রেমে।
প্রায় পাঁচ বছরের প্রেমের পর ২০২২ সালের ২৯ অক্টোবর শ্রীমঙ্গলের একটি হোটেলে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে করেন তারা। বিয়ের পর বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে কাটানো মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করতে দেখা গেছে দুজনকে।
চলতি বছরের জানুয়ারিতেও জেফার রহমান ও রাফসান সাবাবের বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত ছিলেন প্রীতম ও শেহতাজ। তবে এরই মধ্যে তাদের দাম্পত্য সম্পর্ক নিয়ে ভিন্ন আলোচনা শুরু হয়।
রোববার (৪ অক্টোবর) রাতে নিজেদের ফেসবুক পোস্টের মাধ্যমে আলাদা হওয়ার সিদ্ধান্তের কথা জানান দুজনই। প্রীতম জানান, দীর্ঘ পথচলায় সময়ের সঙ্গে তারা উপলব্ধি করেছেন, পারস্পরিক বোঝাপড়ার কিছু গুরুত্বপূর্ণ পার্থক্যের কারণে আলাদা হয়ে যাওয়াই তাদের জন্য ভালো।
প্রীতম আরও জানান, সিদ্ধান্তটি হঠাৎ করে নেওয়া হয়নি। নিজেদের মধ্যে আলোচনা এবং পরিবারের সমর্থন ও সম্মতির পরই তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন। বর্তমানে তাদের বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলমান।
অন্যদিকে শেহতাজও একই কথা জানিয়ে বলেন, প্রায় এক দশকের পথচলার পর তারা পারস্পরিক সম্মান ও সৌহার্দ্য বজায় রেখেই সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। একসঙ্গে কাটানো সময় ও স্মৃতির জন্য কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি ভবিষ্যতেও একে অপরের প্রতি সম্মান ও শুভকামনা থাকবে বলে জানিয়েছেন দুজন।
পূর্বকোণ/পল্লবী

















