চট্টগ্রাম শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই, দুর্ঘটনায় মেরুদণ্ডে আঘাত অভিনেত্রী নুসরাতের 

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই, দুর্ঘটনায় মেরুদণ্ডে আঘাত অভিনেত্রী নুসরাতের 

অনলাইন ডেস্ক

৩ অক্টোবর, ২০২৬ | ৬:৫০ অপরাহ্ণ

সম্প্রতি ইন্দোনেশিয়ার বালিতে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। দুর্ঘটনায় তার মেরুদণ্ডে মারাত্মক আঘাত লেগেছে।
 
 শুক্রবার (২ অক্টোবর) রাতে এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নিয়ে আসা হয়েছে বলিউডের এই অভিনেত্রীকে।
 
হাসপাতাল সূত্রের বরাদে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, অভিনেত্রীর দ্রুত স্পাইন সার্জারির মুখোমুখি হতে হবে।
 
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, মুম্বাইয়ের হাসপাতালের সামনে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্স থেকে নামানো হচ্ছে অভিনেত্রীকে। সেই সময় তার পাশে অভিনেত্রীর মা ও পরিবারের অন্যান্য সদস্যদের উপস্থিত থাকতে দেখা যায়।
 
নুসরাতের টিমের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই মুহূর্তে আমাদের একমাত্র অগ্রাধিকার হলো তার স্বাস্থ্য এবং প্রয়োজনীয় সুচিকিৎসা নিশ্চিত করা। নুসরাতের দ্রুত আরোগ্যের জন্য তার ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান জানানোর অনুরোধ করা হচ্ছে।
 
আপডেট পেলে সঠিক সময়ে জানানো হবে।’
মাত্র এক সপ্তাহ আগেই বালি সৈকত থেকে একটি ছবি পোস্ট করে নুসরাত। এরপরেই এই আকস্মিক বিপর্যয় ঘটল। দুর্ঘটনার খবরটি এমন এক সময়ে এল, যখন টাইগার শ্রফের পরবর্তী সিনেমাতে নায়িকার নাম চূড়ান্ত হওয়ার গুঞ্জন চলছিল। এই সিনেমা দিয়ে প্রথমবার টাইগার-নুসরাতের অন-স্ক্রিন জুটি বাঁধতে যাচ্ছেন।
 
সিনেমাটির মাধ্যমে অঙ্কিতা লোখান্ডের স্বামী ভিকি জৈন তার নতুন ব্যানারের অধীনে প্রযোজক হিসেবে অভিষেক করতে যাচ্ছেন। নুসরাতকে শেষবার দেখা গিয়েছিল সোহম শাহের বিপরীতে ‘উফফ ইয়ে সিয়াপা’ চলচ্চিত্রে।
 
নুসরাতের দুর্ঘটনার কবলে পড়া নতুন ঘটনা নয়। ২০২৩ সালে শুটিং চলাকালীন সময়ে তার আহত হওয়ার দুটি ঘটনা প্রকাশ্যে এসেছিল। এপ্রিল মাসে ‘আকেলি’ সিনেমার শুটিংয়ের সময় গুরুতর আহত হয়েছিলেন। চিকিৎসকরা তাকে বেশ কিছুদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন। তার আগে ‘ছোরি ২’ সিনেমার শুটিংয়ের সময় একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে তার মুখে আঘাত লাগে। আঘাত এতটাই গুরুতর ছিল যে তার মুখে এবং ভ্রু সংলগ্ন অংশে সেলাই করতে হয়।
 
২০২১ সালের আগস্টে লভ রঞ্জনের একটি সিনেমার শুটিং চলাকালীন হঠাৎ নুসরাতের শারীরিক অবস্থার অবনতি হয়। প্রায় ২৩-২৪ দিন একটানা কাজ করার কারণে তিনি অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিলেন। ঘটনার দিন তিনি ঠিকমতো দাঁড়াতে বা কথা বলতে পারছিলেন না।
 
ওই সময় তাকে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর জানান, তিনি ভার্টিগোর সমস্যায় আক্রান্ত। অতিরিক্ত মানসিক চাপ ও ক্লান্তির জন্যই অসুস্থ হয়ে পড়েছিলেন। ১৫ দিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। এর ফলে সিনেমাটির শুটিংও কিছুদিনের জন্য বন্ধ রাখতে হয়েছিল।
 
পূর্বকোণ/রাকিব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট