অভিনেত্রী পরীমণি মনে করেন, সাবেক স্বামী শরীফুল রাজের সঙ্গে তার সম্পর্কের সমাপ্তিটা আরও সম্মানজনকভাবে হতে পারত। জীবনের বিভিন্ন সিদ্ধান্তকে তিনি ভুল হিসেবে দেখেন না; বরং প্রতিটি ঘটনাকে অভিজ্ঞতা হিসেবেই বিবেচনা করেন বলে জানিয়েছেন।
সম্প্রতি জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও অতীত সম্পর্ক নিয়ে কথা বলেন পরীমণি। সেখানে রাজের সঙ্গে বিয়ে এবং পরবর্তী বিচ্ছেদের প্রসঙ্গও উঠে আসে।
পরীমণির ভাষ্য, জীবনে যেসব সম্পর্কের ইতি ঘটেছে, সেগুলোর কোনোটি নিয়েই তার মধ্যে অনুশোচনা নেই। আগের সম্পর্কগুলোর বিচ্ছেদের সময়ও এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি, যা পরবর্তীতে একে অপরের মুখোমুখি হলে অস্বস্তিতে ফেলতে পারে। বরং পারস্পরিক সম্মান বজায় রেখেই সেসব সম্পর্কের সমাপ্তি হয়েছিল বলে জানান তিনি।
তবে শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের অভিজ্ঞতাকে সম্পূর্ণ আলাদা হিসেবে বর্ণনা করেন এই অভিনেত্রী। তার দাবি, যে মানুষের কাছ থেকে সম্মান পাওয়ার প্রত্যাশা সবচেয়ে বেশি ছিল, শেষ পর্যন্ত তার কাছ থেকেই সবচেয়ে বেশি অপমানের অভিজ্ঞতা হয়েছে।
পরীমণি বলেন, বিচ্ছেদের ঘটনাটি অন্যভাবেও শেষ করা সম্ভব ছিল। তার মতে, সম্পর্ক শেষ হলেও দুজন মানুষের মধ্যে সম্মানটুকু অটুট রাখা সম্ভব এবং সেটিই হওয়া উচিত ছিল।
২০২১ সালে শরীফুল রাজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পরীমণি। প্রায় দুই বছর পর, ২০২৩ সালে তাদের দাম্পত্য জীবনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। এরপর ছেলে শাহীম মোহাম্মদ পুণ্যকে নিয়ে নিজের মতো করে জীবন এগিয়ে নিচ্ছেন অভিনেত্রী।
পরবর্তীতে সাফিরা সুলতানা প্রিয়ম নামের একটি কন্যাশিশুকে দত্তক নেওয়ার কথাও জানান পরীমণি।
পূর্বকোণ/পল্লবী

















