মুম্বাইয়ের অভিজাত মালাবার হিলে ৩৩ কোটি ২৬ লাখ রুপিতে একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন বলিউড অভিনেতা অক্ষয় খান্না। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ৪৬ কোটি ৬৪ লাখ টাকা।
মহারাষ্ট্রের ইনস্পেক্টর জেনারেল অব রেজিস্ট্রেশনের (IGR) নথি পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে রিয়েল এস্টেট প্রতিষ্ঠান স্কয়ার ইয়ার্ডস। চলতি বছরের সেপ্টেম্বরে ফ্ল্যাটটির নিবন্ধন সম্পন্ন হয়।
নথি অনুযায়ী, ফ্ল্যাটটির কার্পেট এরিয়া ২ হাজার ৩৪১ দশমিক ৩৯ বর্গফুট। এর সঙ্গে রয়েছে ১৭৫ দশমিক ৪৫ বর্গফুটের বারান্দা। সব মিলিয়ে সম্পত্তিটির আয়তন ২ হাজার ৫১৬ দশমিক ৮৪ বর্গফুট। ফ্ল্যাটটির সঙ্গে রয়েছে তিনটি গাড়ি রাখার জায়গাও।
এই সম্পত্তি কিনতে অক্ষয় খান্নাকে প্রায় ১ কোটি ৯৯ লাখ রুপি স্ট্যাম্প ডিউটি দিতে হয়েছে। নিবন্ধন বাবদ খরচ হয়েছে আরও ৩০ হাজার রুপি।
মুম্বাইয়ের দক্ষিণ অংশের মালাবার হিল শহরের অন্যতম অভিজাত আবাসিক এলাকা। আরব সাগরের তীরবর্তী এ এলাকায় রয়েছে বিলাসবহুল আবাসিক ভবন ও গুরুত্বপূর্ণ স্থাপনা। মেরিন ড্রাইভ, নরিমান পয়েন্ট ও কোলাবার সঙ্গেও এলাকাটির ভালো যোগাযোগ রয়েছে।
কয়েক দশকের অভিনয়জীবনে ‘হামরাজ’, ‘রেস’, ‘গান্ধী, মাই ফাদার’, ‘দিল চাহতা হ্যায়’ ও ‘দৃশ্যম’সহ বিভিন্ন আলোচিত সিনেমায় অভিনয় করেছেন অক্ষয় খান্না।
সম্প্রতি ‘ধুরন্ধর’ সিনেমায় রহমান ডাকাইতের চরিত্রে অভিনয় করে নতুন করে আলোচনায় আসেন তিনি। এর আগে ‘ছাভা’ সিনেমায় আওরঙ্গজেবের চরিত্রেও মুম্বাইয়ের করেছেন অক্ষয়।
পূর্বকোণ/পল্লবী

















