কোক স্টুডিও বাংলার নতুন গান নিয়ে শ্রোতাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে আজ। প্ল্যাটফর্মটির চতুর্থ সিজনের পঞ্চম গান হিসেবে আজ সন্ধ্যায় মুক্তি পাচ্ছে ‘মথুরা’।ভালোবাসা ও গভীর সম্পর্কের গল্প নিয়ে তৈরি এই গানে প্রথমবারের মতো একসঙ্গে কণ্ঠ দিয়েছেন দেশের দুই জনপ্রিয় সংগীতশিল্পী অঙ্কন কুমার ও সানজিদা মাহমুদ নন্দিতা।
অঙ্কন কুমার ও সানজিদা মাহমুদ নন্দিতা দুজনেই কোক স্টুডিও বাংলার পরিচিত মুখ। নন্দিতা জনপ্রিয়তা পেয়েছেন ‘দাঁড়ালে দুয়ারে’ ও ‘বুলবুলি’ দিয়ে; আর অঙ্কন নিজেকে চিনিয়েছেন ‘লং ডিসটেন্স লাভ’ দিয়ে।দ্বৈত কণ্ঠে গাওয়ার পাশাপাশি গানের কথা ও সুর করেছেন অঙ্কন। আর সংগীতায়োজনে শুভেন্দু দাস শুভ,যিনি এই দুই শিল্পীর আগের গানগুলোর সংগীতায়োজনও করেছিলেন।
এর আগে ২০ আগস্ট প্রকাশিত হয়েছিল চতুর্থ গান ‘মুল্লুক’। সেটি করেছে ব্যান্ড ‘মেঘদল’। চা শ্রমিকদের শতবর্ষ পুরনো এক রক্তাক্ত ইতিহাস এবং তাদের সংগ্রাম নিয়ে গানটি বেঁধেছিলেন ‘মেঘদল’-এর ভোকাল ও গীতিকার শিবু কুমার শীল।
‘মুল্লুক’-এর সামাজিক ও ঐতিহাসিক প্রেক্ষাপটের পর এবার ‘মথুরা’ নিয়ে আসছে রোমান্টিক আবহের সম্পূর্ণ ভিন্ন এক অভিজ্ঞতা। গান মুক্তির আগে বিস্তারিত তথ্য গোপন রাখা হলেও, দুই শিল্পীর ভক্তদের নজর এখন আজকের সন্ধ্যার পদাঙ্ক অনুসরণে।
পূর্বকোণ/মিফতা

















