১৯৯৮ সালের কোরবানির ঈদে চ্যানেল আইয়ে ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হওয়া সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’ বিপুল দর্শকপ্রিয়তা পেয়েছিল। দীর্ঘ ২৮ বছর পর এবার সেই কালজয়ী গল্প নতুনভাবে বড় পর্দায় ফিরছে ‘আবার হঠাৎ বৃষ্টি’ শিরোনামে।
সিনেমাটির প্রধান দুই চরিত্রে আত্মপ্রকাশ করছেন নতুন জুটি আরিয়ান সারোয়ার ও রাদিফা নারমিন। বিখ্যাত পরিচালক বাসু চ্যাটার্জির মূল সিনেমায় ফেরদৌস ও প্রিয়াঙ্কা ত্রিবেদীর অভিনীত স্মরণীয় চরিত্র দুটিকে এবার বর্তমান সময়ের প্রেক্ষাপটে উপস্থাপন করেছেন এই নবীন দুই অভিনয়শিল্পী।
সিনেমাটি রিমেক করাকে বড় এক প্রয়াস উল্লেখ করে পরিচালক কামরুজ্জামান জানান, এ ছবিটি রিমেক করা আমার জন্য একটি বড় চ্যালেঞ্জ। বর্তমান সময়ের দর্শকদের রুচির কথা মাথায় রেখে আমরা কাজটি করেছি। আশা করি ছবিটি দেখার পর দর্শকরা তাদের মূল্যায়ন জানাবেন।
ছবির নায়ক আরিয়ান সারোয়ার জানান, প্রধান চরিত্রে এটি আমার প্রথম কাজ। শুটিং শুরুর আগে মূল ছবিটি আমি একাধিকবার দেখেছি। ফেরদৌস ভাইকে অনুসরণ করার চেষ্টা করেছি, কিন্তু অনুকরণ করিনি—পরিচালকের নির্দেশনা অনুযায়ী নিজের মতো করে চরিত্রটি ফুটিয়ে তুলতে আপ্রাণ চেষ্টা করেছি। ক্যারিয়ারের শুরুতেই এমন একটি আইকনিক চরিত্রে কাজ করতে পারা আমার জন্য অনেক বড় প্রাপ্তি।
আবার হঠাৎ বৃষ্টি’র অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, ক্রিস্টানো তন্ময়, কায়েস আরজু, মৌ খান ও ঝুনা চৌধুরী সহ আরও অনেকে। মূল সিনেমাটি আশীর্বাদ চলচ্চিত্র ও ভারতের গ্রামকো ফিল্মসের যৌথ প্রযোজনায় নির্মিত হলেও, নতুন সংস্করণটি যৌথভাবে প্রযোজনা করেছে আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্ম।
পূর্বকোণ/ডেস্ক
















