বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সংঘটিত একটি হত্যা মামলায় চিত্রনায়ক মরতুজা পলাশকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হলেও মূলত গত ২৮ আগস্ট নেপাল থেকে দেশে ফেরার পর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এজাহারনামীয় এই আসামি বর্তমানে কারাগারে আছেন।
জানা গেছে, অপু বিশ্বাস অভিনীত ‘শিকার’ সিনেমার শুটিংয়ের জন্য নেপালে গিয়েছিলেন পলাশ। গত আগস্টে শুরু হওয়া এই ছবির ২৫ দিনের বেশি শুটিং শেষে আকস্মিক বন্যার কারণে গত ২৮ আগস্ট দেশে ফিরেছিল পুরো ইউনিট। সেদিনই বিমানবন্দর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পলাশকে আটক করে। বিষয়টি এতদিন গোপন থাকলেও পরবর্তীতে তা প্রকাশ পায়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর চিত্রনায়ক পলাশকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। রিমান্ড শেষে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে পুলিশ তাঁর কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেলেও এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে প্রধান অভিনেতা কারাগারে থাকায় বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে কামরুজ্জামান রোমান পরিচালিত থ্রিলার ধর্মী সিনেমা ‘শিকার’। নেপালে ছবিটির বেশির ভাগ দৃশ্যধারণ শেষ হলেও কিছু দৃশ্য এবং গানের শুটিং বাকি রয়েছে। আগামী অক্টোবরে সেগুলো সম্পন্ন করার পরিকল্পনা ছিল। তবে নায়ক কারাগারে থাকায় শুটিংয়ের ভবিষ্যৎ বা শিডিউল নিয়ে এখন চরম অনিশ্চয়তায় পড়েছেন নির্মাতা।
পরিচালক কামরুজ্জামান রোমান গণমাধ্যমকে জানান, নেপালে ‘শিকার’র বেশির ভাগ অংশের শুটিং শেষ হয়েছে। অক্টোবরে বাকি কাজ করার পরিকল্পনা ছিল। কিন্তু নায়ক কারাগারে থাকায় এখনো চূড়ান্ত শিডিউল করা যাচ্ছে না। মরতুজা পলাশ আইনিভাবে বিষয়টি মোকাবিলা করছেন। প্রযোজনা প্রতিষ্ঠান আশা করছে, তিনি শিগগিরই মুক্তি পাবেন। তা না হলে অপেক্ষা করা ছাড়া আমাদের কোনো উপায় নেই।
সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘শিকার’। আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে এতে মরতুজা পলাশ ও অপু বিশ্বাসের সঙ্গে আরও অভিনয় করছেন মাহমুদুল ইসলাম মিঠু, সুমন আনোয়ার এবং কলকাতার খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত ও শ্যাম ভট্টাচার্য। রেজা ফিল্মসের ব্যানারে সিনেমাটি নির্মিত হচ্ছে।
পূর্বকোণ/রানা/পারভেজ
















