ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয়তার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় ঝড় তুলেছে ক্রাইম-থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘মির্জাপুর’। পঙ্কজ ত্রিপাঠী ও আলি ফজল অভিনীত ‘মির্জাপুর : দ্য মুভি’ মুক্তির পর থেকেই সিনেমা হলে দর্শকদের ধরে রেখেছে। প্রথম সপ্তাহের শেষের দিকে এসে সিনেমাটি এখন বিশ্বব্যাপী ২০০ কোটি রুপির ক্লাবে প্রবেশের অপেক্ষায় রয়েছে।
বাণিজ্যবিষয়ক ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির ষষ্ঠ দিনে বুধবার (৯ সেপ্টেম্বর) কেবল ভারতেই সিনেমাটি ১০ হাজার ৭০৫টি শো থেকে ১২ দশমিক ৫৫ কোটি রুপি নিট আয় করেছে। এর ফলে ভারতে ছবিটির মোট নিট আয় দাঁড়িয়েছে ১৩৭ দশমিক ৯০ কোটি রুপি এবং গ্রস আয় ১৬৪ দশমিক ৪৮ কোটি রুপি।
অন্যদিকে, আন্তর্জাতিক বাজার বা বিদেশের বক্স অফিসেও সিনেমাটি ভালো ব্যবসা করছে। ষষ্ঠ দিনে আন্তর্জাতিক বাজার থেকে ৩ কোটি রুপি আসার ফলে বিদেশের বাজারে এর মোট আয় পৌঁছেছে ৩৩ কোটি রুপিতে। সব মিলিয়ে মুক্তির মাত্র ছয় দিনেই ‘মির্জাপুর : দ্য মুভি’র বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ১৯৭ দশমিক ৪৮ কোটি রুপিতে। খুব শীঘ্রই এটি ২০০ কোটির মাইলফলক ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানি প্রযোজিত এই সিনেমায় পঙ্কজ ত্রিপাঠী ও আলি ফজল ছাড়াও আরও অভিনয় করেছেন দিব্যেন্দু শর্মা, জিতেন্দ্র কুমার, রবি কিষাণ, সুশান্ত সিং, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুলভূষণ খরবন্দাসহ একঝাঁক তারকা।
উল্লেখ্য, ২০১৮ সালে প্রাইম ভিডিওতে স্ট্রিমিংয়ের মাধ্যমে শুরু হওয়া ‘মির্জাপুর’ সিরিজটি ২০২০ ও ২০২৪ সালে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় মৌসুমের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা অর্জন করে। ওটিটির সেই সফল ফ্র্যাঞ্চাইজিটিই এবার রূপালি পর্দায় ইতিহাস গড়ার পথে রয়েছে।
পূর্বকোণ/রানা


















