বাংলাদেশের ব্যান্ড সংগীতকে নতুন মাত্রা দেওয়া শিল্পীদের মধ্যে আইয়ুব বাচ্চুর নাম বিশেষভাবে উচ্চারিত হয়। আশির দশক থেকে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি তার সংগীত দিয়ে শ্রোতাদের হৃদয় জয় করেছেন। কণ্ঠের পাশাপাশি তার গিটার-দক্ষতাও তাকে দিয়েছে বিশেষ পরিচিতি, আর সেই কারণেই বছরের পর বছর ধরে নতুন প্রজন্মের কাছেও তিনি সমানভাবে জনপ্রিয়।
আজ ১৬ আগস্ট, প্রয়াত এই তারকার জন্মবার্ষিকী। এ উপলক্ষে তাকে স্মরণ করতে আসছে একটি বিশেষ অ্যালবাম— ‘উত্তরাধিকার’। এই অ্যালবামে বর্তমান প্রজন্মের ব্যান্ড ও একক শিল্পীরা নতুন আয়োজনে গেয়েছেন তার ২০টি জনপ্রিয় গান।
উদ্যোগটির সমন্বয়কারী চিশতি ইকবাল বলেন, জন্মদিন উপলক্ষে ব্যতিক্রমী কিছু করার চিন্তা থেকেই এই ২০টি গান নতুনভাবে প্রকাশের পরিকল্পনা করা হয়। আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালিত এই প্রকল্পের অংশ হিসেবে শিল্পীর ব্যবহৃত গিটার ও পোশাকসহ নানা স্মৃতিচিহ্নও সংরক্ষণের পরিকল্পনা রয়েছে।
আজ বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে অ্যালবামটি। ডাবল সিডি আকারে পাওয়ার পাশাপাশি এটি শোনা যাবে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মেও।
আয়োজকরা জানিয়েছেন, অ্যালবাম বিক্রি থেকে আসা অর্থ ব্যবহার করা হবে ‘আইয়ুব বাচ্চু মিউজিয়াম’ প্রতিষ্ঠার তহবিলে। এতে একদিকে যেমন তার স্মৃতি সংরক্ষণ হবে, তেমনি তার সৃষ্টিকর্ম পৌঁছে যাবে নতুন প্রজন্মের কাছে।
‘উত্তরাধিকার’ অ্যালবামে অংশ নেওয়া ব্যান্ডগুলো হলো— দলছুট, আরবোভাইরাস, সোনার বাংলা সার্কাস, শুভযাত্রা, ক্যালিপসো, রকসল্ট, ডোপামিন ও এ কে রাহুল।
এ ছাড়া একক শিল্পী হিসেবে গান গেয়েছেন বাবনা করিম, রাসেল আলী, রোমেল আলী, চন্দন জামান আলী-মেনন, কানিজ সুবর্ণা, সাজ্জাদ, পলাশ, জয় শাহরিয়ার, অদিত, বখতিয়ার হোসেন, আতিকা ইয়ামিন ও অটামনাল মুন।
সংশ্লিষ্টদের মতে, নতুন সংগীতায়োজনে এই ২০ শিল্পীর কণ্ঠে আইয়ুব বাচ্চুর গান প্রকাশের উদ্যোগ একদিকে যেমন কিংবদন্তি শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন, অন্যদিকে তার সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ারও একটি প্রচেষ্টা।
আয়োজকদের প্রত্যাশা, জন্মদিন উপলক্ষে প্রকাশিত এই অ্যালবামের মাধ্যমে আইয়ুব বাচ্চুর কালজয়ী গানগুলো আবারও নতুন করে শ্রোতাদের মনে জায়গা করে নেবে।
পূর্বকোণ/আদর

















