চট্টগ্রাম বুধবার, ১২ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

দেশে ফেরার ৯ দিন পর আবারও লন্ডনে গেলেন ইলিয়াস কাঞ্চন

দেশে ফেরার ৯ দিন পর আবারও লন্ডনে গেলেন ইলিয়াস কাঞ্চন

অনলাইন ডেস্ক

১২ আগস্ট, ২০২৬ | ৮:৪৭ অপরাহ্ণ

৯ দিন আগে দেশে এসে আবারো চিকিৎসার পরবর্তী ধাপ সম্পন্ন করতে লন্ডনে গেলেন অভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে মিরাজুল মইন জয়। এবার তার সঙ্গে লন্ডনে যাচ্ছেন তার স্ত্রী ও জামাতা আরিফুল ইসলাম কলিন্স।

জানা গেছে, লন্ডনে পৌঁছেই চিকিৎসা শুরু হবে না ইলিয়াস কাঞ্চনের। প্রথমে প্রায় এক সপ্তাহ বিশ্রাম নেবেন তিনি।

এরপর পূর্বনির্ধারিত চিকিৎসাকেন্দ্র মাউন্ট ভার্নন হাসপাতালে সিটি স্ক্যান, এমআরআইসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এসব পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা।

এ বিষয়ে আরও জানা গেছে, পূর্ব লন্ডনের বার্কিংয়ে মেয়ে ইমা ইসলামের বাসায় থাকবেন ইলিয়াস কাঞ্চন। এর আগেও চিকিৎসার বিভিন্ন পর্যায়ে সেখানে থেকেছেন তিনি।

২০২৫ সালের আগস্টে ব্রেন টিউমারের অস্ত্রোপচার হয় ইলিয়াস কাঞ্চনের। লন্ডনের একটি হাসপাতালে হওয়া ওই অস্ত্রোপচারে টিউমারের বড় একটি অংশ অপসারণ করা সম্ভব হলেও ঝুঁকির কারণে পুরোটা সরানো যায়নি। এরপর দীর্ঘমেয়াদি চিকিৎসা শুরু হয়। টানা তিন মাস কেমোথেরাপি নেওয়ার পর দুই ধাপে ছয় মাস ওরাল থেরাপিও সম্পন্ন করেছেন তিনি।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসায় ইতিবাচক ফল পাওয়া গেছে। আগের তুলনায় টিউমারের আকার অনেকটাই কমেছে। তার শারীরিক অবস্থা নিয়েও চিকিৎসকরা সন্তুষ্ট। তবে টিউমার পুরোপুরি অপসারণ না হওয়ায় নতুন পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই পরবর্তী চিকিৎসা পরিকল্পনা করা হবে।

এর আগে গেল ৩ আগস্ট চিকিৎসা শেষে দেশে ফেরেন ইলিয়াস কাঞ্চন। দেশে ফিরে স্বজন ও সহকর্মীদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি গত ৭ আগস্ট নিসচার ১১তম মহাসমাবেশেও অংশ নেন তিনি। চিকিৎসার নতুন ধাপ শেষে দ্রুত সুস্থ হয়ে দেশে ফেরার প্রত্যাশা জানিয়েছেন ইলিয়াস কাঞ্চন। পাশাপাশি সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেতা।

পূর্বকোণ/রাকিব/আরআর

শেয়ার করুন