ডিজনি ও পিক্সারের জনপ্রিয় অ্যানিমেশন ফ্র্যাঞ্চাইজি ‘টয় স্টোরি’র পঞ্চম কিস্তিও বক্স অফিসে ঝড় তুলেছে। এক মাসেই ছবিটির আয় ছাড়িয়েছে ১ বিলিয়ন ডলার। খবর ভ্যারাইটির।
১৯ জুন বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে চলচ্চিত্র নির্মাতা অ্যান্ড্রু স্ট্যান্টনের ছবি ‘টয় স্টোরি ৫’। মুক্তির এক মাস পেরিয়ে ছবিটির আয় এক বিলিয়ন ডলার ছাড়াল। যেটা বাংলাদেশি মুদ্রায় ১২ হাজার ৩১৩ কোটি টাকারও বেশি। এ আয়ে রেকর্ডও গড়েছে ছবিটি। কারণ চলতি বছরে এটিই এখন সর্বোচ্চ আয়ের ছবি।
এই আয়ের মধ্যে যুক্তরাষ্ট্র ও কানাডার বক্স অফিসে আয় করেছে ৪৪ কোটি ৮০ লাখ ডলার। আর বাকি দেশগুলো থেকে এসেছে আরও ৫৭ কোটি ৩০ লাখ ডলার। ফলে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১০২ কোটি ২০ লাখ ডলারে। এ বছর আরো দুটি ছবি বিলিয়ন ক্লাবে প্রবেশ করেছে, সেগুলো হলো ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’ (১০০ কোটি ১০ লাখ ডলার) এবং ‘মাইকেল’ (১০০ কোটি ১০ লাখ ডলার)।
শিগগির এই ক্লাবে ঢুকে পড়তে পারে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’। মাত্র দুই সপ্তাহে ছবিটির আয় প্রায় ৬৪ কোটি ডলার।
এদিকে ‘টয় স্টোরি ৫’ হতে যাচ্ছে এ ফ্র্যাঞ্চাইজির সর্বোচ্চ আয়ের সিনেমা। এতদিন ধরে শীর্ষস্থান দখল করে আছে ২০১৯ সালের ‘টয় স্টোরি ৪’; সেটি আয় করেছিল ১০৭ কোটি ডলার। এছাড়া ‘টয় স্টোরি ৩’ (২০১০) আয় করেছিল ১০৬ কোটি ডলার। বিশ্লেষকদের ধারণা, সবগুলো ছবিকেই ছাপিয়ে যেতে পারে পঞ্চম কিস্তি।
‘টয় স্টোরি ৫’-এর বিভিন্ন চরিত্রে কন্ঠ দিয়েছেন টম হ্যাঙ্কস, টিম অ্যালেন, ওয়ান কুসাক, কোনান ও’ব্রায়েন, স্কারলেট স্পিয়ার্স প্রমুখ। ছবিটি নির্মিত হয়েছে প্রায় ২৫ কোটি ডলারে।
পূর্বকোণ/আদর/পারভেজ















