মাস কয়েক আগে বিচ্ছেদের খবর দিয়ে আলোচনায় আসেন মৌসুমী হামিদ। নতুন খবর হলো মা হচ্ছেন এ অভিনেত্রী। সংবাদমাধ্যমকে খবরটি নিজেই নিশ্চিত করেছেন।
সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির হন অন্তঃসত্ত্বা মৌসুমী। সেখানে উপস্থিত সহকর্মীদের উদ্দেশে বলেন, ‘আমি মা হতে চলেছি রে, এই দেখ আমার সন্তান।’
মা হওয়ার পাশাপাশি দ্বিতীয় বিয়ের খবর প্রকাশ্যে আনলেন মৌসুমী। কেননা লেখক-নাট্যকার আবু সাইয়িদ রানার সঙ্গে বিচ্ছেদের খবর সামনে আসার পর এক প্রকার নীরব ছিলেন অভিনেত্রী। সামনে আনেননি দ্বিতীয় বিয়ের খবরও।
একইসঙ্গে দুই খবর দেওয়ার সময় সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য প্রথম বাইরে এসেছি। জানতাম এখানে অনেকেই থাকবে। সবার সঙ্গে দেখা হবে। এজন্য স্বামীসহ এসেছি মা হওয়া খবর দিতে।’
এ সময় স্বামী আব্দুল ওয়াদুদকে পরিচয় করিয়ে দেন অভিনেত্রী। জানান বেশ আগেই তাদের বিয়ে হয়েছে। তার কথায়, ‘আমরা দীর্ঘ ১৪ বছরের পুরোনো বেস্ট ফ্রেন্ড। আমাদের মধ্যে অনেক বিষয়ে মিল ছিল। যে কারণেই বিয়ে সিদ্ধান্ত নিই। সবকিছুর জন্য দোয়া চাই।’
খবরটি গোপন রাখার কারণ জানতে চাইলে বলেন, ‘অনেকেই ভুলভাবে খবর প্রকাশ করবে। এই জন্য আমি এত দিন কাউকে কিছু বলিনি। আমি এবং আমার অনাগত সন্তান ভালো আছি, নতুন একটা অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছি। এ জন্য সবার কাছে দোয়া চাই।’
গেল মার্চে রানার সঙ্গে বিচ্ছেদের খবর সামনে আসে মৌসুমীর। সে সময় জানা যায়, স্বামীর পরকীয়ার জেরে ঘর ভেঙেছে তার। গত বছর নভেম্বর থেকে আলাদা থাকছেন তারা। মৌসুমিও বিষয়টি নিয়ে কুলুপ এঁটে ছিলেন মুখে।
২০২৪ সালের ১২ জানুয়ারি বিয়ে করেন রানা-মৌসুমী। পারিবারিক সিদ্ধান্তে হয়েছিল বিয়ে। সে সময় মৌসুমী বলেছিলেন, ‘রানার সঙ্গে আমার দুই বছরের পরিচয়। এরপর আমরা বিয়ের সিদ্ধান্ত নিই। দুই পরিবারের সঙ্গে কথা বলি। সবার সম্মতি নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিচ্ছি।’
বিনোদন অঙ্গনে মৌসুমীর যাত্রা শুরু লাক্স সুপারস্টার প্রতিযোগিতার সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে। শুরু থেকেই ব্যস্ত হয়ে পড়েন ছোটপর্দায়। অর্জন করেন জনপ্রিয়তা। কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। এছাড়া ওটিটি মাধ্যমে কাজ করেও হয়েছেন প্রশংসিত।
পূর্বকোণ/এএইচ















