বিখ্যাত গ্রাফিক উপন্যাস ‘পারসেপোলিস’-এর রচয়িতা ও চলচ্চিত্র পরিচালক মারজান সাত্রাপি মাত্র ৫৬ বছর বয়সে মারা গেছেন।তার স্বামীর মৃত্যুর এক বছর পর চলে গেলেন এই ফরাসি-ইরানি শিল্পী। বৃহস্পতিবার তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি মৃত্যুর এ তথ্য নিশ্চিত করেন।
সাত্রাপির মৃত্যুর খবর নিয়ে এএফপির কাছে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, স্বামী ম্যাতিয়াস রিপা ছিলেন সাত্রাপির ‘লাভ অব লাইফ’ বা পরম ভালোবাসার মানুষ। রিপার মৃত্যুর এক বছরের কিছু সময় পর গভীর শোক সাত্রাপির মৃত্যুর কারণ ।
১৯৬৯ সালে উত্তর ইরানের রশতে জন্মগ্রহণ করেন সাত্রাপি। ১৯৯৪ সালে পাড়ি জমান ফ্রান্সে। সেখানে ২০০৬ সালে নাগরিকত্ব পান। তিনি ইরানের শাসনব্যবস্থার একজন স্পষ্টভাষী সমালোচক ছিলেন। তাঁর কালজয়ী সৃষ্টি ‘পারসেপোলিস’-এ তেহরানে কাটানো শৈশব ও কৈশোরের গল্প উঠে এসেছে।
ইরানে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ধর্মীয় নেতৃত্বের চাপিয়ে দেওয়া নানা বিধিনিষেধের বিরুদ্ধে নিজের লড়াইয়ের চিত্র ‘পারসেপোলিস’-এ ফুটিয়ে তোলেন সাত্রাপি। পরে তাঁর বাবা-মা তাঁকে ইউরোপে পাঠিয়ে দিলে নির্বাসিত জীবন শুরু হয়।
সাত্রাপির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। তিনি বলেন, ‘সাত্রাপি একজন মহান শিল্পী ছিলেন। তিনি ইরানে কাটানো শৈশবকে একটি সর্বজনীন গল্পে রূপ দিয়েছেন।’
২০০৭ সালে সাত্রাপি তাঁর গ্রাফিক উপন্যাসের ওপর ভিত্তি করে একটি চলচ্চিত্র নির্মাণ করেন। ফরাসি কমিকস শিল্পী ভিনসেন্ট পারোনদের সঙ্গে যৌথভাবে পরিচালিত এই ছবিটি কান চলচ্চিত্র উৎসবে ‘জুরি প্রাইজ’ লাভ করে। অস্কারের জন্যও মনোনীত হয় তার নির্মিত চলচ্চিত্রটি।
পূর্বকোণ/আদর

















