ভারতের দিল্লিতে মিনার-ই-দিল্লি পুরস্কার গ্রহণরে অনুষ্ঠানে অংশ নিতে বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ ছড়িয়ে পড়ে তাঁর মৃত্যুর খবর। এমন খবর দ্রুত ছড়িয়ে পড়লে দেশ-বিদেশে ভক্ত-অনুরাগীদের মধ্যে তৈরি হয় উদ্বেগ ও বিভ্রান্তি। তবে এই গুজব সম্পূর্ণ ভিত্তিহীন বলে নিশ্চিত করেছেন রুনা লায়লা।
নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রুনা লায়লা স্পষ্টভাবে জানান, তিনি সুস্থ আছেন এবং ভালো আছেন। তিনি লিখেন, আমার মৃত্যুর বিষয়ে অদ্ভুত গুজব ছড়ানো হচ্ছে। আমি সবাইকে জানাতে চাই, আমি সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছি। পোস্টে তিনি ভক্তদের অনুরোধ করেন, কোনো তথ্য যাচাই ছাড়া যেন তা শেয়ার না করা হয়। তাঁর মতে, এ ধরনের গুজব শুধু শিল্পী হিসেবে তাঁকেই নয়, তাঁর পরিবার ও ঘনিষ্ঠজনদেরও মানসিকভাবে আঘাত করে।
রুনা লায়লা আরও বলেন, ভুয়া তথ্য ছড়ানো অনাকাঙ্ক্ষিত ও দায়িত্বজ্ঞানহীন আচরণ। তাই সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ভক্ত-অনুরাগীদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতাও প্রকাশ করেন এই কিংবদন্তি সংগীতশিল্পী।
পূর্বকোণ/আরশি/পারভেজ
















