
রাঙামাটির কাপ্তাইয়ে একক ও বৃন্দ আবৃত্তি উপস্থাপনের মধ্য দিয়ে “স্বরবৃত্ত নান্দনিক আবৃত্তি অঙ্গন” নামে একটি নতুন আবৃত্তি সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই নান্দনিক অনুষ্ঠানের সূচনা করা হয়। উদ্বোধনী পর্বে দেশের প্রখ্যাত ঢোল বাদক শিবু জলদাসের ঢোলক বাদন অনুষ্ঠানটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়।
বিশিষ্ট আবৃত্তিশিল্পী ও সংগঠক তামান্না ইসলামের গ্রন্থনা ও নির্দেশনায় একদল শিশুশিল্পী বৃন্দ আবৃত্তিতে অংশ নেয়। অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পী হিসেবে নাট্যজন আবদুল্লাহ আল মামুন, ইব্রাহিম খলিল মাসুদ, এটিএম সাইফুর রহমান এবং ডা. সুমিষ্টা বড়ুয়াসহ আরও অনেক স্বনামধন্য শিল্পী একক আবৃত্তি পরিবেশন করেন। আবৃত্তির পাশাপাশি সঙ্গীতা দত্ত এ্যানির নির্দেশনায় শিশুদের পরিবেশিত নৃত্য দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানে আবহ সংগীতে ছিলেন ঝুলন দত্ত।
বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাইয়ের উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। অনুষ্ঠানটির উদ্বোধন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে ওয়াগগো টি লিমিটেড ও চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালকগণ উপস্থিত ছিলেন।
সংগঠনটির পরিচালক তামান্না ইসলাম জানান, এই অঞ্চলের মানুষের মাঝে আবৃত্তিকে ছড়িয়ে দেওয়া এবং বাংলা ভাষার প্রমিত উচ্চারণ ও আবৃত্তির বিকাশে কাজ করাই তাদের মূল লক্ষ্য। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ ও শিল্পকলা একাডেমির পক্ষ থেকে এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করা হয় যে, এর ফলে এলাকার সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
পূর্বকোণ/সিজান/পারভেজ