চট্টগ্রাম বুধবার, ০৫ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় আমিরাতের সুন্দরী

প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় আমিরাতের সুন্দরী

বিনোদন ডেস্ক

৬ অক্টোবর, ২০২৫ | ১২:১৬ অপরাহ্ণ

ইতিহাসে প্রথমবারের মতো ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের প্রতিযোগী। ২৬ বছর বয়সী মরিয়ম মোহামেদ দেশটির পক্ষ থেকে নভেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য ৭৪তম মিস ইউনিভার্স আসরে অংশ নেবেন।

 

রবিবার (৫ অক্টোবর) আমিরাতভিত্তিক দ্য ন্যাশনাল জানিয়েছে, শুক্রবার (৩ অক্টোবর) রাতে মরিয়মকে ‘মিস ইউনিভার্স ইউএই’ হিসেবে ঘোষণা করা হয়। আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের পাক ক্রেত শহরে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় বিশ্বের ১৩০টি দেশের প্রতিযোগীরা অংশ নেবেন। বিশ্বের অন্যতম জনপ্রিয় এই সৌন্দর্য প্রতিযোগিতাটি প্রতিবছর প্রায় ৫০ কোটি দর্শক উপভোগ করেন।

 

মরিয়ম বলেছেন, এই খেতাব অর্জন আমার জন্য ভাষায় প্রকাশের অতীত এক সম্মান। এটি শুধু আমার নয়- এটি প্রতিটি স্বপ্নবাজ মানুষের প্রতিচ্ছবি, যারা আমিরাতকে নিজের ঘর মনে করে।

 

তিনি আরও বলেন, সংযুক্ত আরব আমিরাত আমাকে বড় স্বপ্ন দেখার সাহস দিয়েছে। আমি এমন নারীদের কণ্ঠস্বর হতে চাই, যারা উচ্চাকাঙ্ক্ষী, কৌতূহলী এবং আত্মপ্রত্যয়ে ভরপুর। মিস ইউনিভার্স ইউএই শুধু সৌন্দর্যের প্রতিযোগিতা নয়, এটি প্রভাব সৃষ্টির একটি প্ল্যাটফর্ম।

 

মরিয়ম প্রথম আমিরাতি নারী হিসেবে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিলেও সংযুক্ত আরব আমিরাতের হয়ে এর আগে অংশ নিয়েছিলেন অ্যামিলিয়া ডোব্রেভা। তবে জন্মসূত্রে তিনি আমিরাতের নন, তার জন্ম কসোভোতে।

 

দীর্ঘদিন দুবাইয়ে বসবাসের সূত্রে সংযুক্ত আরব আমিরাতের হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন এই মডেল।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন