চট্টগ্রাম শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

সোশ্যাল মিডিয়ায় বিয়ের খবর, যা বললেন তাহসান

বিনোদন ডেস্ক

৪ জানুয়ারি, ২০২৫ | ১২:১৩ অপরাহ্ণ

সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানের বিয়ের খবর ছড়িয়েছে। তার বিয়ের খবরে সয়লাব স্যোশাল মিডিয়া। বিভিন্ন সংবাদমাধ্যমেও বলা হয়েছে যুক্তরাষ্ট্রপ্রবাসী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তাহসান।

 

যা নিয়ে নেটিজেনরা তাহসানকে দ্বিতীয় বিয়ের শুভেচ্ছাও জানিয়েছেন। তবে বিয়ের বিষয়ে গণমাধ্যমে তাহসান বলেন, এ বিষয়ে সন্ধ্যায় বিস্তারিত জানাবো। একটা ঘরোয়া আয়োজনে ছবিগুলো তোলা। এখনও বিয়ে হয়নি, কোন আনুষ্ঠানিকতাও হয়নি।

 

এর আগে শনিবার (৪ জানুয়ারি) সকাল থেকেই স্যোশাল মিডিয়ায় তাহসান ও রোজার বিয়ের আয়োজনের একাধিক ছবি ভাইরাল হয়। তাতে নেটিজেনরা এই ‘নবদম্পতি’কে শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে থাকেন। শুভেচ্ছা জানিয়েছেন বিনোদন অঙ্গনের অনেকেও।

 

এমনও লিখেছেন কেউ কেউ, ‘অবশেষে চাঁদের আলো খুঁজে পেয়েছেন তাহসান। তার সেই প্রিয় গান যেন অবশেষে সত্য হয়ে ধরা দিলো।’ আবার অনেকে নেটিজেন লিখেছেন, ‘তাহসানের জন্য অত্যন্ত খুশি, অবশেষে উপযুক্ত কাউকেই খুঁজে পেলেন আমাদের তাহসান।’

 

একাধিক সূত্রে জানা গেছে, তাহসানের কথিত স্ত্রী রোজা আহমেদ ১০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। রোজা নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেছেন।

 

পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স অর্জন করে পরবর্তী সময়ে নিউইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠাতা করেন। তিনি একজন উদ্যোক্তা বলেও জানা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে রোজা বেশ জনপ্রিয়, অসংখ্য অনুসারী রয়েছে তার।

 

প্রায় ১৮ বছর আগে ২০০৬ সালের ৭ আগস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাহসান খান ও অভিনেত্রী মিথিলা। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তারা কন্যাসন্তানের মা-বাবা হন। পরে ২০১৭ সালের ৪ অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন তাহসান।

 

নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এদিন দুপুরে তাহসান ও মিথিলা যৌথভাবে তাদের বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন। সাবেক এই দম্পতির বিচ্ছেদের বিষয়টি তাদের অনেক ভক্ত সহজভাবে মেনে নিতে পারেননি। পরে মিথিলা ভারতের চলচ্চিত্র নির্মাতা সৃজিতকে বিয়ে করেন।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন