চট্টগ্রাম শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

’বাংলাদেশী জাতীয়তাবাদ কেবল পরিচয় নয়, এটি একটি দর্শন’-চবি উপাচার্য

’বাংলাদেশী জাতীয়তাবাদ কেবল পরিচয় নয়, এটি একটি দর্শন’-চবি উপাচার্য

চবি সংবাদদাতা

৭ নভেম্বর, ২০২৬ | ৭:০৫ অপরাহ্ণ

’বাংলাদেশী জাতীয়তাবাদ কেবল একটি রাজনৈতিক পরিচয় নয়, এটি একটি দর্শন’— ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান এই মন্তব্য করেন। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
 
অনুষ্ঠানে মুখ্য আলোচকের বক্তব্যে উপাচার্য আরও বলেন, ’শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত এই দর্শনের মূল ভিত্তি ছিল ধর্মীয় মূল্যবোধ, বহুদলীয় গণতন্ত্র ও জাতীয় ঐক্য।’ 
 
তিনি নতুন প্রজন্মের কাছে এই দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরার আহ্বান জানান এবং চবিতে জিয়াউর রহমানের নামে একটি হল প্রতিষ্ঠার বিষয়টি বিবেচনার আশ্বাস দেন।
 
সভায় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম ৭ই নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও সিপাহী-জনতার ঐক্যের গুরুত্ব তুলে ধরেন।
 
ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট, চবি শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীরা বক্তব্য রাখেন। সভার শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শেষে দোয়া-মোনাজাত পরিচালিত হয়।
 
পূর্বকোণ/এমএইচ/পারভেজ

শেয়ার করুন