চট্টগ্রাম বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

ডিসেম্বরের ১ তারিখ থেকে শুরু হচ্ছে এইচএসসির সাপ্লিমেন্টরি পরীক্ষা

এইচএসসিতে এক বা দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা শুরু ১ ডিসেম্বর

অনলাইন ডেস্ক

৪ নভেম্বর, ২০২৬ | ৫:৪২ অপরাহ্ণ

এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের বহুল কাঙ্ক্ষিত ‘সাপ্লিমেন্টরি’ বা বিশেষ পুনঃপরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। ফল প্রকাশের স্বল্প সময়ের মধ্যেই এসব শিক্ষার্থীর পুনরায় মূল্যায়নের সুযোগ দিতে এ সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ড।
 
 
বুধবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
 
 
বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণের কাজ শেষ করতে হবে। ৫ থেকে ৯ নভেম্বরের মধ্যে ফরম পূরণ সম্পন্ন করতে হবে এবং ১০ নভেম্বর পর্যন্ত ফি জমা দেওয়ার সুযোগ থাকবে। পরীক্ষার্থীরা সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ফি জমা দিয়ে জমার রসিদ স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে জমা দেবে।
 
 
তত্ত্বীয় প্রতি বিষয়ের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১২৫ টাকা (নিয়মিত ও অনিয়মিত সবার জন্য)। ব্যবহারিক পরীক্ষার জন্য প্রতি বিষয়ে ২৫ টাকা এবং কেন্দ্র ফি বাবদ অতিরিক্ত ৪৫০ টাকা জমা দিতে হবে। ফরম পূরণের সম্ভাব্য তালিকা ও নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) দ্রুতই প্রকাশ করা হবে।
 
প্রসঙ্গত, সম্প্রতি শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের সেশনজট ও শিক্ষা জীবনের ক্ষতি এড়াতে এক মাসের মধ্যে বিশেষ পরীক্ষা গ্রহণের কথা জানিয়ে ছিলেন। বোর্ড সূত্রে জানা যায়, এ বছর সারাদেশে এক বিষয়ে অকৃতকার্য হয়েছে ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে ফেল করেছে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন শিক্ষার্থী।
 
পূর্বকোণ/ এমএইচ

শেয়ার করুন