চার বছর আগে ঠিক যে দিনে ক্যানসারের কাছে হেরে গিয়েছিলেন সহপাঠী বন্ধু, ঠিক একই দিনে হিমালয়ের ৬,১১৯ মিটার উঁচু ‘লোবুচে ইস্ট’ পর্বতচূড়ায় পৌঁছে সেই বন্ধুকে স্মরণ করলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী কামরুল ইসলাম।
গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) নেপালের স্থানীয় সময় সকাল ৮টা ৩৫ মিনিটে ‘রোপফোর মাউন্টেন এক্সপেডিশন ২০২৬’-এর অংশ হিসেবে পর্বতটির শিখরে পৌঁছান কামরুল এবং তাঁর দুই সহযাত্রী তুর্জ দাস ও নাঈম আল নাহিয়ান। পর্বত জয়ের পর দেশের লাল-সবুজ পতাকার পাশে ক্যানসারে প্রয়াত বন্ধু সাইমুম ইফতেখারের ছবি উঁচিয়ে ধরে এই জয় তাঁকেই উৎসর্গ করেন কামরুল।
চবির যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ‘ক্যানসারযোদ্ধা’ হিসেবে পরিচিত শিক্ষার্থী মো. সাইমুম ইফতেখার দীর্ঘ লড়াই শেষে ২০২২ সালের ২৭ অক্টোবরেই মারা যান। বন্ধু হারানোর ঠিক চার বছর পর, একই তারিখে হিমালয়ের চূড়ায় দাঁড়িয়ে বন্ধুত্বের এক আবেগঘন বার্তা দেন কামরুল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করে তিনি আবেগাপ্লুত হয়ে লেখেন, “আমি যত উঁচুতেই যাই না কেন, আমার বন্ধু সাইমুমও আমার সাথেই যায়। আমার লোবুচে সামিটটি বন্ধু সাইমুম ইফতেখারকেই উৎসর্গ করলাম।”
যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মেধাবী ছাত্র সাইমুম তিনবার ক্যানসারকে হারিয়ে ক্যাম্পাসে অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছিলেন। তবে শেষ রক্ষা হয়নি; মাত্র ২৬ বছর বয়সে তিনি না ফেরার দেশে চলে যান। চার বছর পর সেই বন্ধুকে হিমালয়ের শিখরে তুলে আনার এই হৃদয়স্পর্শী ঘটনা এখন সবার নজর কেড়েছে।
ব্যক্তিগত এই আবেগঘন স্মৃতির পাশাপাশি পরিবেশ ও জলবায়ু নিয়ে বিশেষ বার্তা দেওয়াও ছিল এই অভিযানের লক্ষ্য। “হিমালয় গলছে, দায় আমাদেরও”- এই মূলমন্ত্রকে সামনে রেখে দলটি পুরো অভিযানজুড়ে ‘জিরো-ওয়েস্ট’ (বর্জ্যহীন) ক্যাম্পেইন পরিচালনা করে এবং পাহাড়ের সব অপচনশীল বর্জ্য ফিরিয়ে আনার উদ্যোগ নেয়।
অভিযাত্রী দলের মেডিকেল শিক্ষার্থী তুর্জ দাসের জন্য এটি ছিল জীবনের প্রথম পর্বতশৃঙ্গ জয়। অন্যদিকে শিক্ষক ও গবেষক নাঈম আল নাহিয়ানও সফলভাবে চূড়ায় পৌঁছান। দলের আরেক সদস্য সাদিক আহমেদ চৌধুরী ‘আইল্যান্ড পিক’ জয়ের পরিকল্পনা করলেও শারীরিক অসুস্থতার কারণে শেষ মুহূর্তে অংশ নিতে পারেননি; তিনি বর্তমানে সুস্থ আছেন।
সফলভাবে লোবুচে ইস্ট জয়ের পর তিন অভিযাত্রী নিরাপদে ফরিচে গ্রামে নেমে এসেছেন এবং তাঁরা সবাই সুস্থ আছেন বলে জানিয়েছে রোপফোর। আয়োজক সংস্থা ‘রোপফোর আউটডোর এডুকেশন’ এই সাফল্যকে দেশের পর্বতারোহণ সম্প্রদায়ের জন্য একটি বড় মাইলফলক হিসেবে আখ্যা দিয়েছে।
পূর্বকোণ/রানা/পারভেজ



















