চট্টগ্রাম সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

চুয়েটে ২৮ অক্টোবর থেকে ক্লাস শুরু, উপাচার্য ইস্যুতে আন্দোলন চলবে

অনলাইন ডেস্ক

২৬ অক্টোবর, ২০২৬ | ১:২৯ অপরাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) দীর্ঘ ৩৬ দিনের অচলাবস্থার অবসান ঘটিয়ে আগামী ২৮ অক্টোবর থেকে নিয়মিত ক্লাসে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। তবে সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল এবং বর্তমান উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমের নিয়োগ বাতিলের দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে।

 

সোমবার (২৬ অক্টোবর) এক বিবৃতিতে আন্দোলনকারীরা এ সিদ্ধান্তের কথা জানান। একই সঙ্গে নতুন উপাচার্য ক্যাম্পাসে প্রবেশ করলে আবারও শাটডাউন কর্মসূচি চালুর হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

 

এর আগে রবিবার শিক্ষার্থীরা এক খোলা চিঠির মাধ্যমে শিক্ষকদের দ্রুত শ্রেণিকক্ষে ফিরে আসার আহ্বান জানান। পরে শিক্ষক সমিতির সাধারণ সভায় শিক্ষার্থীদের ক্লাসে ফেরার সিদ্ধান্তের প্রতি সমর্থন জানানো হয়। একই সঙ্গে একাডেমিক কার্যক্রম পুনরায় চালুর প্রস্তুতি নেওয়ার কথাও জানায় সংগঠনটি।

 

রোববার রাতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের যৌথ বিবৃতিতেও শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। তবে উপাচার্য পুনর্বহালের দাবিতে আন্দোলন এবং নতুন উপাচার্যের সঙ্গে অসহযোগিতার অবস্থান বজায় রাখার সিদ্ধান্ত নেন তাঁরা।

 

এদিকে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) গঠিত একটি পরামর্শক দল আগামী ২৮ অক্টোবর চুয়েট ক্যাম্পাস পরিদর্শন করবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে দলটির।

 

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর চুয়েটের উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে দায়িত্ব থেকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে পরদিন ২২ সেপ্টেম্বর থেকে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।

 

পরবর্তী সময়ে একই দাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতি ও অসহযোগ আন্দোলনে যোগ দেন। দীর্ঘ এই অচলাবস্থার কারণে বিশ্ববিদ্যালয়ের সাতটি বিভাগের ৩৪টি পরীক্ষা স্থগিত হয়ে যায়। এর মধ্যে গত ১২ অক্টোবর তালা ভেঙে উপাচার্যের কার্যালয়ে প্রবেশের পর প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ অবস্থায় ছিলেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম।

 

পূর্বকোণ/পল্লবী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট