চট্টগ্রাম মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

বিদেশি নাগরিকদের জন্য বাংলা ভাষা কোর্স চালু করল সিআইইউ

বিজ্ঞপ্তি

১৩ অক্টোবর, ২০২৬ | ৪:০৮ অপরাহ্ণ

বিদেশি নাগরিকদের বাংলা ভাষায় দক্ষতা বৃদ্ধি এবং বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে গভীর ধারণা প্রদানের লক্ষ্যে “সার্টিফিকেট কোর্স ইন বাংলা ফর ফরেইনার্স” শীর্ষক সার্টিফিকেট কোর্স চালু করেছে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)।  সোমবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত কোর্সটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি ও অফিসপ্রধান ড. সুসান ভিজ। 
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআইইউর উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার।  সূচনা বক্তব্য দেন স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস’র ডিন ড. মো. খালেদ বিন চৌধুরী। এছাড়া চট্টগ্রামের ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশনের সদস্য মি. ইয়ান ইয়িজিয়াং বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, শিক্ষক, ঊর্ধ্বতন কর্মকর্তা ও রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবসা ও অর্থনৈতিক কেন্দ্র হিসেবে ক্রমাগত বিকশিত হচ্ছে। একইসঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও লজিস্টিকস হাব হিসেবে চট্টগ্রামের উন্নয়নে সরকার গুরুত্বারোপ করছে। এই প্রেক্ষাপটে, চট্টগ্রামে বসবাসরত ও কর্মরত বিদেশি নাগরিক, বিনিয়োগকারী এবং পেশাজীবীদের বাংলা ভাষায় যোগাযোগের দক্ষতা বাড়ানো এবং স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে কার্যকর সম্পর্ক গড়ে তোলার সুযোগ সৃষ্টি করবে এই কোর্স।
 
চলতি বছরের শুরুতে সিআইইউতে অবস্থিত কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা ভাষা শিক্ষা কেন্দ্রের মাধ্যমে স্থানীয় জনগণের জন্য চীনা ভাষা শিক্ষার কার্যক্রম চালু করা হয়। এরই ধারাবাহিকতায় বিদেশি নাগরিকদের জন্য চট্টগ্রামে প্রথমবারের মতো বাংলা ভাষা শিক্ষা কোর্স চালু করা সিআইইউর আন্তর্জাতিকীকরণ কার্যক্রমের আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
 
সিআইইউ ভবিষ্যতে বাংলা ভাষার পাশাপাশি আরও বিভিন্ন বিদেশি ভাষার কোর্স চালুর পরিকল্পনা করছে। এর মাধ্যমে বিভিন্ন দেশের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতা বৃদ্ধি এবং স্থানীয় ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে সুসম্পর্ক জোরদার করাই বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য।
 
পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন