চট্টগ্রাম রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

নতুন পে-স্কেলে বেতন পেতে দেরি, অপেক্ষায় এমপিও শিক্ষকরা

অনলাইন ডেস্ক

১১ অক্টোবর, ২০২৬ | ২:১০ অপরাহ্ণ

নতুন পে-স্কেল অনুযায়ী বেতন পেতে অপেক্ষা করতে হতে পারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের। বিশেষ করে মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতন নির্ধারণের হিসাব হাতে-কলমে সম্পন্ন করতে হওয়ায় এ প্রক্রিয়ায় বিলম্বের আশঙ্কা করছে অর্থ বিভাগ।

 

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, স্কুল, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার হিসাব কম্পিউটারের মাধ্যমে করা হলেও এমপিওভুক্ত মাদ্রাসার ক্ষেত্রে এখনো ম্যানুয়াল পদ্ধতি অনুসরণ করা হয়। এ পার্থক্যের কারণে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে অতিরিক্ত সময় লাগতে পারে।

 

অর্থ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে নতুন কাঠামো অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন দেওয়ার চেষ্টা চলছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে তা সম্ভব হবে কি না, এখনো নিশ্চিত নয়। একই মন্ত্রণালয়ের অধীন হওয়ায় স্কুল, কলেজ, কারিগরি ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের একসঙ্গেই নতুন পে-স্কেলের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

 

এর আগে গত ১ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জানান, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পাবেন।

 

বর্তমানে দেশে ছয় লাখের বেশি শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত রয়েছেন। তাঁদের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে প্রায় চার লাখ, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে প্রায় পৌনে দুই লাখ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে ২৩ হাজারের বেশি কর্মী রয়েছেন।

 

নতুন পে-স্কেল কার্যকর হলে এসব শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতায় পরিবর্তন আসতে পারে। তবে নতুন কাঠামো অনুযায়ী বেতন প্রদানের নির্দিষ্ট সময়সূচি এখনো নিশ্চিত নয়।

 

পূর্বকোণ/পল্লবী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট