চট্টগ্রাম মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

উচ্চশিক্ষায় টেকসই উন্নয়ন নিয়ে পিসিআইইউতে ৩য় আন্তর্জাতিক সম্মেলন ৮-৯ অক্টোবর

অনলাইন ডেস্ক

৬ অক্টোবর, ২০২৬ | ৭:৩৪ অপরাহ্ণ

উচ্চশিক্ষা ও গবেষণার মাধ্যমে টেকসই উন্নয়নকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (পিসিআইইউ) আগামী ৮ ও ৯ অক্টোবর অনুষ্ঠিত হবে তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন।

‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট থ্রো এক্সিলেন্স ইন হায়ার এডুকেশন: কনটেমপোরারি গ্লোবাল পার্সপেক্টিভস’ শীর্ষক এ সম্মেলনে দেশ-বিদেশের গবেষক ও শিক্ষাবিদরা অংশ নিয়ে উচ্চশিক্ষা, গবেষণা ও টেকসই উন্নয়ন নিয়ে তাদের গবেষণা ও অভিজ্ঞতা তুলে ধরবেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) পিসিআইইউতে আয়োজিত এক প্রেস কনফারেন্সে সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরেন আয়োজকরা।

আয়োজকরা জানান, উচ্চশিক্ষা ও গবেষণার মাধ্যমে টেকসই উন্নয়নকে এগিয়ে নেওয়া, দেশ-বিদেশের গবেষক ও শিক্ষাবিদদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা জোরদার এবং শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণায় আরও বেশি সম্পৃক্ত হওয়ার সুযোগ তৈরি করাই এ সম্মেলনের মূল লক্ষ্য।

সম্মেলনে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, লিটারেচার অ্যান্ড ইএলটি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, আইন এবং এল অ্যান্ড ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজিসহ বিভিন্ন একাডেমিক ট্র্যাকে গবেষণাপত্র উপস্থাপন ও আলোচনা হবে।

সম্মেলনে কী-নোট স্পিকার হিসেবে অংশ নেবেন মালদ্বীপের জিকুরা ইন্টারন্যাশনাল কলেজের সহকারী অধ্যাপক ও সাবেক স্টেট মিনিস্টার ফর এডুকেশন ড. আবদুল্লাহ রশিদ, ইন্দোনেশিয়ার বুদি লুহুর ইউনিভার্সিটির প্রভাষক ড. নি গুস্তি আয়ু কেতুত কুর্নিয়াসারি, ভিয়েতনামের ভিয়েতনাম ন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক ড. দাও কাম থুই এবং চীনের তিয়ানজিন ইউনিভার্সিটির অধ্যাপক ড. জুন শু।

এছাড়া পাকিস্তানের মিনহাজ ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. খালিদা আলী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কামাল উদ্দিন সম্মেলনে যুক্ত থাকবেন।

আয়োজক সূত্রে জানা গেছে, সম্মেলনে উপস্থাপনের জন্য মোট ৩০১টি অ্যাবস্ট্রাক্ট জমা পড়ে। পর্যালোচনার পর এর মধ্যে ২৮৫টি পূর্ণাঙ্গ গবেষণাপত্র গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, মালয়েশিয়া, তুরস্ক, নাইজেরিয়া ও ভারতসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় থেকে গবেষণাপত্র এসেছে। পাশাপাশি দেশের ৫৩টি বিশ্ববিদ্যালয়ের গবেষকরাও সম্মেলনে অংশ নিচ্ছেন।

গবেষণাকে উৎসাহিত করতে সম্মেলনে বেস্ট পেপার অ্যাওয়ার্ডেরও ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিটি ফ্যাকাল্টি থেকে তিনটি করে বেস্ট পেপার অ্যাওয়ার্ড দেওয়া হবে। এসব নির্বাচিত গবেষণাপত্রের মধ্য থেকে একটি গবেষণাপত্রকে দেওয়া হবে আউটস্ট্যান্ডিং পেপার অ্যাওয়ার্ড।

সম্মেলনের পাবলিকেশন পার্টনার হিসেবে রয়েছে রিসার্চবাডি এআই। স্পনসর হিসেবে সহযোগিতা করছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক পিএলসি এবং আবুল খায়ের গ্রুপ।

প্রেস কনফারেন্সে পিসিআইইউর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আলী চৌধুরী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ, মানবিক, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. গণেশ চন্দ্র রায়, রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. সেলিম হোসেন, কনফারেন্স কো-কনভেনর ড. খন্দকার দাহির ইসলাম, কনফারেন্স সেক্রেটারি দীপক কুমার চৌধুরী, প্রক্টর মো. রাশেদ খান মিলনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সভাপতি দিলরুবা আক্তার, সিএসই বিভাগের সভাপতি ফারজিনা আক্তার, আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক এবাদত হোসেন, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের প্রভাষক পিংকি চাকমা ও গিয়াস উদ্দিন রিয়াদ এবং ওয়েব অ্যান্ড মিডিয়া কমিটির পক্ষ থেকে রাজু চক্রবর্তী, ওয়াহিদুল হোসেন জিহান ও বাবলু হোসেন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন