প্রাথমিক শিক্ষার মাঠপর্যায়ের কার্যক্রম সরেজমিনে যাচাই করতে দেশের বিভিন্ন উপজেলা ও থানায় ১৮০ কর্মকর্তাকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নির্ধারিত এলাকায় গিয়ে প্রাথমিক শিক্ষা অফিস ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম পরিদর্শন করে প্রতিবেদন দিতে হবে এসব কর্মকর্তাকে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আগস্ট মাসের মাসিক সমন্বয় সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে গত ২৮ সেপ্টেম্বর এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। এতে কর্মকর্তাদের নামের বিপরীতে নির্দিষ্ট উপজেলা ও থানার তালিকা দেওয়া হয়েছে।
আদেশ অনুযায়ী, আগামী ৫ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাঠপর্যায়ের পরিদর্শন শেষ করে প্রতিবেদন জমা দিতে হবে। অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক ও পরিচালক পর্যায়ের কর্মকর্তারা দেশের যেকোনো উপজেলা পরিদর্শন করতে পারবেন। অন্য কর্মকর্তাদের জন্য নির্দিষ্ট উপজেলা ও থানা নির্ধারণ করে দেওয়া হয়েছে।
পরিদর্শনের আওতায় রয়েছে জয়পুরহাট, বগুড়া, নওগাঁ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহসহ বিভিন্ন জেলার উপজেলা।
অফিস আদেশে বলা হয়েছে, মাঠপর্যায়ে যাওয়ার আগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ বিভাগের পরিচালকের অনুমতি নিতে হবে। পরিচালকেরা পর্যায়ক্রমে কর্মকর্তাদের কর্মস্থল ত্যাগের অনুমোদন দেবেন।
উপবৃত্তি বিভাগের কর্মকর্তাদের নির্ধারিত উপজেলা বা থানার প্রাথমিক শিক্ষা অফিসের পাশাপাশি তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করতে হবে। নির্বাচিত বিদ্যালয়ের একটি শহরাঞ্চল ও দুটি গ্রামীণ এলাকার হতে হবে। এ ক্ষেত্রে বিক্ষিপ্ত নমুনায়নের ভিত্তিতে বিদ্যালয় নির্বাচন করতে হবে। তাদের সংশ্লিষ্ট এলাকায় দুই দিন অবস্থান করে কার্যক্রম পর্যালোচনা ও পর্যবেক্ষণ করতে বলা হয়েছে।
অন্য বিভাগের কর্মকর্তাদের দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করতে হবে। এর মধ্যে একটি শহরের এবং অন্যটি গ্রামের বিদ্যালয় হতে হবে। তাদের এক দিন মাঠপর্যায়ে অবস্থান করে বিদ্যালয়ের কার্যক্রম পর্যবেক্ষণ ও পর্যালোচনা করতে হবে।
পরিদর্শন শেষে নির্ধারিত ছকে বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত করে তা পরিদর্শন শেষ হওয়ার পরবর্তী পাঁচ কার্যদিবসের মধ্যে অধিদপ্তরের উপবৃত্তি বিভাগে জমা দিতে হবে। পাশাপাশি প্রতিবেদন জমা দেওয়ার প্রমাণক কপি টিএ/ডিএ বিলের সঙ্গে সংযুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে।
আদেশে আরও উল্লেখ করা হয়েছে, প্রচলিত বিধি অনুযায়ী কর্মকর্তারা নিজ নিজ বেতন খাত থেকে টিএ/ডিএ পাবেন। আর অধিদপ্তরে সংযুক্তিতে থাকা কর্মকর্তাদের টিএ/ডিএ বিল মাঠপর্যায়ের সংশ্লিষ্ট দপ্তর থেকে সংগ্রহ করতে হবে।
পূর্বকোণ/পল্লবী

















