চট্টগ্রাম মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

গভীর রাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী

গভীর রাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক

২৯ সেপ্টেম্বর, ২০২৬ | ২:৫৬ অপরাহ্ণ

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল মিলন মধ্যরাতে রাজধানীর ৬টি ছাপাখানা পরিদর্শন করেছেন। তিনি সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার পর ছাপাখানা পরিদর্শন শুরু করেন।

 

পরিদর্শনের সময় শিক্ষামন্ত্রী পাঠ্যবইয়ের গুণগত মান এবং ছাপার কাজের সার্বিক অগ্রগতি যাচাই করেন। তিনি শিক্ষার্থীদের হাতে সময়মতো মানসম্মত পাঠ্যবই পৌঁছে দেওয়া ও ছাপার কাজে নির্ধারিত মান বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন।

 

শিক্ষামন্ত্রী যেসব ছাপাখানা পরিদর্শন করেন, সেগুলো হলো মৌসুমি অফসেট প্রেস, ফায়িজা প্রিন্টিং প্রেস, শৈলী প্রিন্টার্স, বর্ণ শিখা অফসেট প্রিন্টার্স, সোনালি ওয়েব প্রিন্টার্স, ন্যাশনাল প্রিন্টার্স। এ সময় তিনি পাঠ্যবই ছাপার কাজের বাস্তব পরিস্থিতি সরেজমিন দেখেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

 

আগামী শিক্ষাবর্ষে প্রাক্‌-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের পাশাপাশি ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য প্রায় ৩১ কোটি পাঠ্যবই ছাপা হবে। এর মধ্যে মাধ্যমিক স্তরে ২২ কোটির বেশি এবং প্রাথমিক স্তরে প্রায় ৮ কোটি ২০ লাখ পাঠ্যবই ছাপা হচ্ছে।

 

এবার পাঠ্যবই ছাপায় সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৮৭৯ কোটি টাকা। এনসিটিবির লক্ষ্য, ৩০ নভেম্বরের মধ্যে মূল ছাপার কাজ শেষ করে বই মাঠপর্যায়ে পাঠানো।

পূর্বকোণ/প্রান্ত

শেয়ার করুন