চট্টগ্রাম বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ রাতে, দেখবেন যেভাবে

একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ রাতে, দেখবেন যেভাবে

অনলাইন ডেস্ক

১৬ সেপ্টেম্বর, ২০২৬ | ১২:৩১ অপরাহ্ণ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির জন্য প্রাথমিক পছন্দক্রম সম্পন্ন করা শিক্ষার্থীদের প্রথম পর্যায়ের ফল আজ (বুধবার, ১৬ সেপ্টেম্বর) রাত ৮টায় একযোগে প্রকাশ করা হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় ওয়েবসাইট ও নির্ধারিত মোবাইল এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ফল জানতে পারবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি নির্দেশিকা অনুযায়ী, গত ২ সেপ্টেম্বর অনলাইনে একাদশ শ্রেণির ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হয় এবং পছন্দক্রম সংশোধনের সুযোগসহ গত ১৩ সেপ্টেম্বর (রবিবার) রাত ৮টায় চূড়ান্ত আবেদন পর্ব শেষ হয়।

মোট আবেদনকারী: এবার সারা দেশে মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তি হতে অনলাইনে আবেদন করেছেন।

পছন্দক্রমের সীমা: একজন শিক্ষার্থী অনলাইনে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজের চয়েস লিস্ট বা পছন্দক্রম নির্ধারণ করার সুযোগ পেয়েছেন।

ভর্তি নিশ্চয়ন, মাইগ্রেশন ও চূড়ান্ত ক্লাস শুরুর সময়সূচি 
প্রথম মেধা তালিকার ফল প্রকাশের পর শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে সিট কনফার্মেশন বা নিশ্চয়ন প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক।

ভর্তি নিশ্চয়ন: আজ ১৬ সেপ্টেম্বর রাত ৮টায় রেজাল্ট প্রকাশের পর থেকে নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে নির্ধারিত নিশ্চয়ন ফি পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ে ভর্তি নিশ্চয়ন না করলে আবেদনকারীর সিট সিলেকশন এবং মূল আবেদন বাতিল হয়ে যাবে।

মাইগ্রেশনের ফল: শিক্ষার্থীদের পছন্দক্রমের ভিত্তিতে স্বয়ংক্রিয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে আগামী ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়।

কলেজে চূড়ান্ত ভর্তি : স্ব-স্ব মনোনীত কলেজে সশরীরে গিয়ে চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে ২০ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।

ক্লাস শুরু : ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির একাডেমিক ক্লাস শুরু হবে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে।

ওয়েবসাইটে একাদশ শ্রেণির রেজাল্ট দেখার নিয়ম

শিক্ষার্থীরা ঘরে বসেই নির্ধারিত ধাপগুলো অনুসরণ করে ভর্তি পরীক্ষার ফল দেখতে পারবেন:

প্রথমে একাদশ শ্রেণির ভর্তি বিষয়ক অফিশিয়াল ওয়েবসাইট xiclassadmission.gov.bd-এ প্রবেশ করতে হবে।

ওয়েবসাইটের হোমপেজে গিয়ে ‘View Result’ বা ‘ফল’ বাটনে ক্লিক করতে হবে।

নির্ধারিত বক্সে এসএসসি/সমমান পরীক্ষার রোল নম্বর (Roll Number), শিক্ষা বোর্ডের নাম (Education Board), পাসের বছর

(Passing Year) এবং রেজিস্ট্রেশন নম্বর (Registration Number) নির্ভুলভাবে লিখতে হবে।

স্ক্রিনে প্রদর্শিত সিকিউরিটি ক্যাপচা কোডটি নির্দিষ্ট স্থানে টাইপ করে ‘Submit’ বাটনে চাপ দিলে কাঙ্ক্ষিত মনোনীত কলেজের নাম স্ক্রিনে ভেসে উঠবে।

(এছাড়া, অনলাইনের পাশাপাশি নির্বাচিত শিক্ষার্থীদের আবেদনে দেওয়া ফোন নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল পাঠিয়ে দেওয়া হবে)।

পূর্বকোণ/আদর

শেয়ার করুন