উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) অনুষ্ঠিত হয়েছে অটাম ২০২৬ সেমিস্টারের ওপেন ডে।
গতকাল ১৭ আগস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, অভিভাবক ও ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিআইইউর উপাচার্য অধ্যাপক ড. এম. এম. নুরুল আবসার। তিনি ওপেন ডে’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং ক্যাম্পাসের বিভিন্ন ক্লাবের স্টল পরিদর্শন ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, শিক্ষক, রেজিস্ট্রার, প্রশাসনিক কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ওপেন ডে উপলক্ষে ক্যাম্পাসজুড়ে ছিল নানা আয়োজন। শিক্ষার্থীদের বিভিন্ন ক্লাবের কার্যক্রম ও উদ্যোগের প্রদর্শনী, সাংস্কৃতিক পরিবেশনা, খেলাধুলা এবং নানা ধরনের ইন্টারেক্টিভ কার্যক্রম অনুষ্ঠানে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে। বিশ্ববিদ্যালয়ের চারটি স্কুল-সিআইইউ বিজনেস স্কুল, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এবং স্কুল অব ল’র ১৯টি ক্লাবের পাশাপাশি চারটি কেন্দ্রীয় ক্লাব তাদের বিভিন্ন কার্যক্রম, সাফল্য ও উদ্যোগ তুলে ধরে।
ওপেন ডে-তে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও সামগ্রিক পরিবেশ সম্পর্কে সরাসরি জানার সুযোগ তৈরি হয়। তারা ক্যাম্পাস ঘুরে দেখার পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন, বিভিন্ন একাডেমিক ও অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে ধারণা নেন এবং বিশ্ববিদ্যালয়জীবন সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা লাভ করেন। যোগ্য শিক্ষার্থীদের মধ্যে ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে ভর্তি হতে আগ্রহীরাও অনুষ্ঠানে স্পট অ্যাডমিশনের সুযোগ পান।
সিআইইউর অটাম ২০২৬ ওপেন ডে শিক্ষার্থী ও ভর্তিচ্ছুদের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরির পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্বগুণ, সক্রিয় অংশগ্রহণ ও সহশিক্ষা কার্যক্রমের প্রাণবন্ত চিত্র তুলে ধরে। একইসঙ্গে এ আয়োজন সিআইইউর সমৃদ্ধ শিক্ষাবান্ধব পরিবেশ ও প্রাণবন্ত ক্যাম্পাস সংস্কৃতির অনন্য প্রতিফলন হয়ে ওঠে।
পূর্বকোণ/এএইচ

















