চট্টগ্রাম শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

রেডিও সাগরগিরি পরিদর্শনে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

রেডিও সাগরগিরি পরিদর্শন

বাস্তবিক জ্ঞানে সমৃদ্ধ হচ্ছেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

প্রেস বিজ্ঞপ্তি

১৪ আগস্ট, ২০২৬ | ১১:৫৫ পূর্বাহ্ণ

তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তবিক জ্ঞান অর্জনে সীতাকুণ্ডের কমিউনিটি রেডিও ‘রেডিও সাগরগিরি এফএম ৯৯.২’ পরিদর্শন করেছেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) আনন্দমুখর পরিবেশে দিনব্যাপী এই শিক্ষাসফর অনুষ্ঠিত হয়।

বিভাগের চেয়ারম্যান ইনচার্জ ইয়াসির সিলমীর নেতৃত্বে এবং শিক্ষক ও শিক্ষাসফর আয়োজনের আহ্বায়ক সরওয়ার কামালের তত্ত্বাবধানে বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে দুটি বাসে করে সীতাকুণ্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন শিক্ষক-শিক্ষার্থীরা। পরিদর্শক দলে উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক মুহাম্মদ নাইম উদ্দীন, তাসনুভা তাহসিন, এমাদুল হাসান, জান্নাতুন নাদিয়া নুর এবং অতিথি শিক্ষক রাফী তাহসিমা রহিম। এতে বিভাগের সকল শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

শিক্ষক ও শিক্ষার্থীদের দলটি সীতাকুণ্ডে ইপসা এইচআরডিসিতে পৌঁছালে তাদের অভ্যর্থনা জানান ইপসার সীতাকুণ্ড অঞ্চলের ম্যানেজার তোফায়েল ইসলাম, রেডিও সাগরগিরির সিনিয়র প্রোগ্রাম প্রডিউসার সঞ্জয় চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা।

এরপর ইপসা এইচআরডিসি সম্মেলন কক্ষে এক মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়। সেখানে শিক্ষার্থীদের ইপসা এবং রেডিও সাগরগিরির নানামুখী কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করেন তোফায়েল ইসলাম ও সঞ্জয় চৌধুরী। মূলধারার গণমাধ্যমের বাইরে কমিউনিটি রেডিও কীভাবে প্রান্তিক মানুষের জীবনযাত্রা, কৃষি, স্বাস্থ্য ও স্থানীয় সমস্যাগুলো তুলে ধরে- সে বিষয়েও তারা আলোকপাত করেন।

সম্মেলন কক্ষের আলোচনা শেষে শিক্ষক ও শিক্ষার্থীরা রেডিও সাগরগিরির পুরো স্টেশন ঘুরে দেখেন। এ সময় তারা রেডিওর বিভিন্ন কারিগরি ও সম্প্রচার বিভাগের সাথে পরিচিত হন। অন-এয়ার স্টুডিও, রেকর্ডিং প্যানেল, নিউজরুম ও অডিও সম্পাদনা কক্ষে গিয়ে শিক্ষার্থীরা সরাসরি দেখেন কীভাবে একটি রেডিও প্রোগ্রাম প্রস্তুত, রেকর্ড ও সম্প্রচার করা হয়। এর মাধ্যমে তারা সম্প্রচার সাংবাদিকতার খুঁটিনাটি সম্পর্কে বাস্তবিক জ্ঞান অর্জন করেন।

এ পরিদর্শন সম্পর্কে শিক্ষার্থীরা জানান, সরাসরি একটি রেডিও স্টেশনের সম্প্রচার কার্যক্রম, সাউন্ড প্যানেল, কন্ট্রোল রুম দেখতে পারা তাদের জন্য এক নতুন ও রোমাঞ্চকর অভিজ্ঞতা। বইয়ের পাতায় পড়া বিষয়গুলো বাস্তবে দেখার ফলে তাদের ধারণা আরও পরিষ্কার হয়েছে।

সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ইনচার্জ ইয়াসির সিলমী বলেন, সাংবাদিকতার মতো একটি ব্যবহারিক ও পেশাদার বিষয়ে শুধু তাত্ত্বিক শিক্ষা যথেষ্ট নয়। ফিল্ড ভিজিট বা এ ধরনের সরাসরি সম্প্রচার কেন্দ্র পরিদর্শন শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করতে এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত হতে দারুণভাবে সাহায্য করে।

রেডিও স্টেশন পরিদর্শন এবং সম্প্রচারকর্মীদের সঙ্গে মতবিনিময়ের পর শিক্ষাসফরে যুক্ত হয় আনন্দভ্রমণের মাত্রা। বিকেলে শিক্ষক ও শিক্ষার্থীদের এই দল ছুটে যায় মিরসরাইয়ের মহামায়া লেকে। সেখানে পাহাড় ও জলের মনোরম প্রাকৃতিক পরিবেশের মাঝে শিক্ষক-শিক্ষার্থীরা মেতে ওঠেন গান ও উচ্ছল আড্ডায়। মহামায়া লেকের শান্ত জলে নৌবিহারে অংশ নিয়ে সবাই চমৎকার এক বিকেল উদযাপন করেন, যা দিনব্যাপী এই আয়োজনে এনে দেয় এক সতেজ অনুভূতি।

দিনভর শিক্ষা ও বিনোদনের দারুণ এক মেলবন্ধনের পর সন্ধ্যা নামলে দলটি পুনরায় বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা হয়। শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই শিক্ষাসফরটি ছিল অত্যন্ত আনন্দদায়ক ও ফলপ্রসূ। তাত্ত্বিক বইয়ের পাতার বাইরে গিয়ে রেডিও সাগরগিরি থেকে সম্প্রচার সাংবাদিকতা বিষয়ে অর্জিত এই বাস্তবিক জ্ঞান শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনে এবং পেশাগত দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।

উল্লেখ্য, শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, বাস্তবিক জ্ঞান অর্জনের মাধ্যমেও শিক্ষার্থীরা যেন সমৃদ্ধ হতে পারেন, সে লক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনের ব্যবস্থা করে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট