চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার সবচেয়ে বেশি ফল বিপর্যয় ঘটেছে মাদ্রাসা বোর্ডে। প্রতিষ্ঠানভিত্তিক হিসেবে দাখিল পরীক্ষায় ২২৬টি মাদ্রাসার কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। অন্যদিকে ৮৮টি মাদ্রাসার সব শিক্ষার্থী পরীক্ষায় পাস করেছে।
সোমবার (১০ আগস্ট) প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের প্রতিষ্ঠানভিত্তিক পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।
এবার দাখিলে পাসের করেছে ১ লাখ ৬৪ হাজার ৭৯৭ জন। এর মধ্যে ছাত্র ৮১ হাজার ৭৬৫ ও ছাত্রী ৮৩ হাজার ৩২ জন। পাসের হার ৫৫.৪৯ শতাংশ। এর মধ্যে ছাত্রী ৫৯.৮৯ শতাংশ ও ছাত্র ৫১.৬৪ শতাংশ।
এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করেছে। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীন দাখিল পরীক্ষায় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছে।
এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয়েছিল গত ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। আর দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে। সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। সে হিসাবে গত ২০ জুলাই ফল প্রকাশের কথা থাকলেও এবার নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ পর ফল প্রকাশ করা হচ্ছে।
ফল প্রকাশের পর ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করা যাবে।
পুনর্নিরীক্ষণের আবেদন প্রক্রিয়া ও সংশ্লিষ্ট নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
পূর্বকোণ/পিআর














