চট্টগ্রাম শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ১৫১ শিক্ষার্থী পেল একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড

বিজ্ঞপ্তি

৭ আগস্ট, ২০২৬ | ৫:২৫ অপরাহ্ণ

চট্টগ্রামের জামালখানস্থ চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) গতকাল বৃহস্পতিবার এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

এ অনুষ্ঠানে সিআইইউ’র চারটি অনুষদের গ্র্যাজুয়েট ও আন্ডার গ্র্যাজুয়েটসহ মোট ১৫১ জন কৃতী শিক্ষার্থীকে পাঁচটি ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়। এবারের অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন ভাইস চ্যান্সেলর অনার লিস্ট প্রাপ্ত ০৫ জন, ভাইস চ্যান্সেলর লিস্ট প্রাপ্ত ১৩ জন, ডিন’স অনার লিস্ট প্রাপ্ত ২৩ জন, ডিন’স মেরিট লিস্ট প্রাপ্ত ২৫ জন ও ডিন’স লিস্ট প্রাপ্ত ৮৫ জন শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসারের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক সদস্য ড. এম আইয়ুব ইসলাম। তিনি বলেন- ‌‘একাডেমিক উৎকর্ষতা কেবল ভালো ফলাফলের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি শৃঙ্খলা, অধ্যবসায়, সততা ও সৃজনশীলতার সমন্বিত প্রতিফলন। আজ যারা সম্মাননা অর্জন করেছে, তারা অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। দেশের উন্নয়ন ও বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আনজুমান বানু লিমার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আহ্বায়ক ড. রুবেল সেন গুপ্ত, স্কুল অব বিজনেস’র ডিন অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের, স্কুল অব সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং-এর ডিন অধ্যাপক ড. আসিফ ইকবাল, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এর ডিন অধ্যাপক ড. খালেদ বিন চৌধুরী এবং আইন অনুষদের ভারপ্রাপ্ত সহকারী ডিন রামিসা জাহান প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, এই ধরণের স্বীকৃতি শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস এবং নতুন উচ্চতায় পৌঁছানোর প্রেরণা জোগাবে। বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ শিক্ষার গুণগত মান রক্ষায় এবং গবেষণাভিত্তিক জ্ঞানচর্চা বাড়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অ্যাওয়ার্ডপ্রাপ্তদের মধ্য থেকে পাঁচজন শিক্ষার্থী মঞ্চে এসে নিজেদের অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেন – এই অনুষ্ঠান আমাদের প্রত্যেককে নতুন উদ্দীপনা দিয়েছে, আমাদের স্বপ্নকে আরও বড় করে তুলেছে। আমরা কৃতজ্ঞ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষক ও প্রশাসনের প্রতি, যাঁরা আমাদের পাশে থেকে পথ দেখিয়েছেন। আজকের এই সম্মান আগামী দিনের সাফল্যের ভিত্তি হয়ে থাকবে।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন প্রধান অতথি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ। এসময় শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, কর্মচারী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন