চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেন্টার (সিআইইউএআইসি) এবং ‘সেন্ড আ লিটল হোপ’-এর উদ্যোগ এআই ফর অল-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘এআই ন্যাভিগেটর ২০২৬’ সনদ প্রদান ও প্রজেক্ট শোকেস।
উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা বাড়ানোর লক্ষ্যে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সনদ প্রদান, তাদের উদ্ভাবনী এআইভিত্তিক প্রকল্প প্রদর্শন এবং শিক্ষকদের জন্য ‘এআই কনফিডেন্ট’ নামে একটি নতুন ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট কর্মসূচিরও উদ্বোধন করা হয়।
সোমবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত এআই ন্যাভিগেটর ২০২৬ সফলভাবে সম্পন্ন করা শিক্ষার্থীরা তাদের বিভিন্ন এআইভিত্তিক প্রকল্প উপস্থাপন করেন। পরে তাদের হাতে সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ইন্টারঅ্যাকটিভ লার্নিং সেশন, হাতে-কলমে এআই কর্মশালা এবং ‘ন্যাভিগেটিং দ্য এআই ফিউচার’ শীর্ষক একটি বিশেষ জ্ঞানবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়। এতে এআই লিটারেসি, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, আধুনিক এআই টুলসের ব্যবহার, বাস্তব জীবনে এআইয়ের প্রয়োগ এবং ভবিষ্যতের এআইনির্ভর কর্মক্ষেত্রের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিশিষ্ট শিক্ষাবিদেরা অংশ নেন। সিআইইউর পক্ষ থেকে অনুষ্ঠানের সার্বিক সমন্বয় করেন সিআইইউ এআই সেন্টারের পরিচালক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো. সাজ্জাতুল ইসলাম।
এআই ফর অল ও সেন্ড আ লিটল হোপের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইঞ্জিনিয়ার মুজাহিদুল ইসলাম, এআই ফর অলের প্রোগ্রাম ডিরেক্টর এবং স্ন্যাপ-অন-এর সিনিয়র ইঞ্জিনিয়ার আসিফ আমিন, এআই ফর অল-এর উপদেষ্টা এবং মার্কেটিং বি-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক আলিফ মেহরাবসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এখন আর ভবিষ্যতের প্রযুক্তি নয়; এটি বর্তমান সময়ের একটি অপরিহার্য দক্ষতা। শিক্ষা, গবেষণা, মূল্যায়ন ও উদ্ভাবনের ক্ষেত্রে এআইয়ের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে শিক্ষার্থী ও শিক্ষকদের ব্যবহারিক দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তারা। পাশাপাশি ভবিষ্যতের এআইনির্ভর বিশ্বে দক্ষ ও প্রতিযোগিতামূলক মানবসম্পদ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তারা।
পূর্বকোণ/রাকিব















