চট্টগ্রাম বুধবার, ১৫ জুলাই, ২০২৬

সর্বশেষ:

আন্দোলনের মাঝেই চট্রগ্রাম বোর্ড ছাড়া ১০ বোর্ডে চলছে পরীক্ষা, বিকেলে লংমার্চ

আন্দোলনের মধ্যে চট্টগ্রাম বোর্ড ছাড়া ১০ বোর্ডে চলছে পরীক্ষা, বিকেলে লংমার্চ

অনলাইন ডেস্ক

১৫ জুলাই, ২০২৬ | ১২:০০ অপরাহ্ণ

পরীক্ষা স্থগিতের দাবিতে টানা আন্দোলন, তিন দফা দাবি এবং চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই বুধবার (১৫ জুলাই) অনুষ্ঠিত হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার সপ্তম দিনের পরীক্ষা। সকাল ১০টা থেকে দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডে তিনটি, মাদ্রাসা শিক্ষা বোর্ডে একটি এবং কারিগরি শিক্ষা বোর্ডে একটি—মোট পাঁচটি বিষয়ের পরীক্ষা নেওয়া হচ্ছে।

 

এদিকে, পরীক্ষা শেষে বেলা ১টা ৩০ মিনিটে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টার থেকে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশ্যে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

 

নির্ধারিত রুটিন অনুযায়ী, আজ আটটি সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র এবং যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে আরবি দ্বিতীয় পত্র এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-২ বিষয়ের পরীক্ষাও নেওয়া হচ্ছে।

 

মঙ্গলবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পরীক্ষা স্থগিতের দাবিতে শিক্ষার্থীদের একটি অংশ বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে। তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে- দুর্যোগ পরিস্থিতি, টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর পদত্যাগ।

পূর্বকোণ/নুসরাত

শেয়ার করুন