বাংলা, ইতিহাস, দর্শনসহ ছয় বিষয়ে স্নাতক (অনার্স) বাতিলের কোনো আলোচনাই হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (৯জুন) সচিবালয়ে এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে সাংবাদিকেরা শিক্ষামন্ত্রীর কাছে জানতে চাইলে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, “আমার জানামতে, এ রকম কোনো আলোচনা হয়নি। আর বাংলা মাতৃভাষা, এটা কি বাদ দেওয়া যেতে পারে? এমন কোনো আলোচনা হয়নি, আমার জ্ঞাতসারে।”
কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘কিন্তু বাংলা, দর্শন, ইতিহাস বাদ পড়বে—এই আলোচনা আমরা কোথাও শুনিনি এবং আমরাও কোথাও করিনি।’
এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো অনার্স কোর্স বন্ধের ব্যাপারে সরকার কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত নেই।
এর আগে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, ‘অনার্স বাতিল হচ্ছে কিছু বিষয়ে, এটা আমি নিউজ হিসেবে দেখেছি। আমাদের সরকারের দিক থেকে অফিশিয়ালি জানানোর আগপর্যন্ত, এ রকম কোনো নিউজকে আমি গুরুত্ব না দেওয়ার জন্যই বলব।’ বাংলা, ইতিহাস, দর্শনসহ ছয় বিষয়ে স্নাতক (অনার্স) থাকবে না, এটাও মনে করেন না জাহেদ উর রহমান।
পূর্বকোণ/নুসরাত/পারভেজ

















